টাঙ্গাইলে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই গ্রামের আবদুল হাকিমের বাড়ি থেকে তাঁর ছেলে আবদুল করিমের স্ত্রী আছমা বেগমের (২৫) মৃতদেহ এবং বাড়ির পাশের গাছ থেকে আবদুল করিমের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে। টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদুজ্জামান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দিবাগত রাতে আবদুল করিম তাঁর স্ত্রীকে হত্যা করে নিজেও গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে ময়নাতদন্তের পর এর রহস্য জানা যাবে। নিহত আছমা বেগমের মা কুলছুম বেগম অভিযোগ করে বলেন, আছমার সঙ্গে স্বামী করিমের কোনো দ্বন্দ্ব ছিল না। তবে দুই বছর ধরে করিমের বাবা-মা ও বড় ভাই আছমাকে তালাক দিয়ে খালাতো বোনকে বিয়ে করার জন্য করিমকে চাপ দিচ্ছিলেন। কিন্তু করিম রাজি না হওয়ায় তাঁরা আছমাকে নির্যাতন করে হত্যা করেন। পরে করিমকেও হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। আছমার শ্বশুর-শাশুড়ি ও ভাশুর এ ঘটনা ঘটিয়ে আত্মগোপন করেছেন।