টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পৌরসভার কাউন্সিলর শফিকুল হক ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।শফিকুল হক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে শফিকুল হকের জড়িত থাকার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিছু তথ্য পেয়েছে। গত রোববার রাতে শফিকুলকে তাঁর বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান জানান, ফারুক হত্যা মামলায় শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার তাঁকে টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আগামীকাল বুধবার রিমান্ড আবেদনের শুনানি হবে।গত ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসার কাছ থেকে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।