টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে গতকাল বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সেতু এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি বাস সকাল নয়টার দিকে হাতিয়া এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসযাত্রী ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের হাজেরা বেগম (২৫) নিহত হন। আহত নয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরও দুজন। তাঁরা হলেন কালিহাতীর বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নী আক্তার (২৫) ও একই উপজেলার দুগাতী গ্রামের সাদ্দাম হোসেন (২০)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিঞা জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে।