টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত
টাঙ্গাইলের বাসাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন এবং ট্রাকের ধাক্কায় অপর এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে করাতিপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। এতে আহত হয়েছে ১২ জন।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান সকাল সাড়ে সাতটার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মারা যান। আহত অবস্থায় পিকআপের ১৩ জন যাত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক মুকুল (৪০) এবং যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জের উজান বোচাগাড়ি গ্রামের কামেল উদ্দিনের ছেলে অজিত (৩০), শোভাগড় গ্রামের লেবু মিঞার ছেলে হৃদয় (১৫) ও রংপুরের পীরগাছা উপজেলার ছমির উদ্দিনের ছেলে আবদুর রহিম (৪২)।
এদিকে ওই দুর্ঘটনাস্থলের কিছু দূরে সকাল ১০টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু মির্জা সাদিয়া (৫) মারা যায়। আহত হয় সাদিয়ার বাবা মির্জা আরফান এবং মা মোস্তাকিম। তাঁদের দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ঘাটাইল উপজেলার ভোজদহ গ্রামে।
ওসি হুমায়ুন কবির জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।