টাঙ্গাইলে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফুদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার এই রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন। তিনি মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মো. মেছের আলীর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ কে এম শামীমুল আক্তার বলেন, দণ্ডিত নাসির উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। নিহত গৃহবধূর পিতা জিয়াউল হক বাদী হয়ে ঘটনার পরদিন মধুপুর থানায় নাসির উদ্দিনসহ চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। অভিযোগপত্রে অপর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
রায় ঘোষণার পর নাসিরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।