টাঙ্গাইলে ৪৯ রেলগেট অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কের টাঙ্গাইল জেলার ৪৯টি রেলগেট দীর্ঘদিন ধরে অরক্ষিত। অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটিসহ এসব গেটে নিরাপত্তাকর্মী নিয়োগ না দিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও রেলওয়ে সূত্র জানায়, ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়ক চালুর পর থেকে টাঙ্গাইলে ছোট-বড় মিলিয়ে ৪৯টি রেলগেট অরক্ষিত ছিল। এই গেটগুলোতে দুর্ঘটনার কারণে অনেককে প্রাণ দিতে হয়েছে। পরে এ নিয়ে ২০০৮ সালের ১৯ এপ্রিল প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হলে জেলা প্রশাসন অরক্ষিত গেটগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি চিহ্নিত করে। গেটগুলো হচ্ছে মির্জাপুর উপজেলার কলিমাজানী ও বহনতলী, বাসাইল উপজেলার হাবলা দক্ষিণপাড়া ও টেংগুরিয়াপাড়া এবং কালিহাতী উপজেলার শল্লা গেট। তৎকালীন জেলা প্রশাসক মাকসুদুর রহমান পাটওয়ারীর উদ্যোগে ২০০৯ সালের ১২ জুলাই থেকে ওই পাঁচটি গেটের জন্য দৈনিক ১০০ টাকা মজুরির ভিত্তিতে ১৫ জন শ্রমিক নিয়োগ করা হয়, যার অর্থায়ন করে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত সরকারি-বেসরকারি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। ওই সব প্রতিষ্ঠানের অর্থায়নে প্রথম দিকে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করা হতো। পরে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো অর্থায়ন না করায় গত বছরের শুরুতে শ্রমিকদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেওয়ায় গেটগুলো হয়ে পড়ে অরক্ষিত। এরই মধ্যে গত বছর ১৭ জুলাই কলিমাজানী গেটে ট্রেনের ধাক্কায় একটি টেম্পো দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে চার টেম্পোযাত্রী নিহত হন। ওই সময় জেলা প্রশাসকের বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা কিছুদিন কাজ করলেও তাঁরা বেতন না পেয়ে পুনরায় কাজ বন্ধ করে দেন। ফলে গত বছর ডিসেম্বর থেকে প্রায় সাত মাস ধরে ওই পাঁচটি গেট সম্পূর্ণভাবে অরক্ষিত রয়েছে। কলিমাজানী রেলগেটের সাবেক নিরাপত্তাকর্মী মো. শফিউদ্দিন জানান, বেতন না পেয়ে তাঁরা কাজ বন্ধ করে বর্তমানে বেকার সময় কাটাচ্ছেন। তাঁর সঙ্গে কাজ করা অপর দুই কর্মী বাদশা মিয়া ও রুখসানা আক্তারেরও একই অবস্থা। তাঁদের সবার তিন মাসের মজুরি এখনো বকেয়া। বহনতলী গেট দিয়ে চলাচলকারী হিলরা গ্রামের আবদুল আওয়াল বলেন, ‘এই গেট দিয়ে আমরা সব সময় ঝুঁকি নিয়ে চলাচল করি। গেটে নিরাপত্তার ব্যবস্থা করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে।’জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী জানান, ওই পাঁচটি গেটে নিরাপত্তার প্রয়োজনীয়তা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী আহমেদ হোসেন জানান, সব গেটে নিরাপত্তার জন্য জনবল নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।