টাঙ্গাইলে 'নিখোঁজ' তিন তরুণের সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে টাঙ্গাইলে তুলে নেওয়া তিন তরুণের সন্ধান মিলেছে। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১২ (সিপিসি-৩)-এর কার্যালয় থেকে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

আবদুল মোমেনের ছেলে শহীদ মোমেনকে তাঁর বড় ভাই শফিকুল ইসলাম, কসিম উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনকে তাঁর বড় ভাই আবদুল মালেক ও নিবারণ চন্দ্র শীলের ছেলে ভজন চন্দ্র শীলকে তাঁর স্ত্রী কল্পনা রানী শীলের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান।

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাস খুন হওয়ার পর ওই গ্রামের এই তিন তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। শহীদ ও ভজনকে গত ২৯ জুলাই রাতে রসুলপুর বাজারের তাঁদের নিজ নিজ দোকান এবং ৩০ জুলাই দুপুরে মফিজকে তাঁদের বাড়ির কাছ থেকে তুলে নেওয়া হয়।

তাঁদের পরিবারের লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁদের তুলে নিয়েছে বলে দাবি করলেও টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভূইয়া, গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ ও র‌্যাব-১২ (সিপিসি-৩)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সাদেক আহমেদ তাঁদের আটক করার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। এ বিষয়ে ২ আগস্ট প্রথম আলোয় ‘টাঙ্গাইলে স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রীকে হত্যা, তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ, আতঙ্ক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে শহীদ মোমেন নিখোঁজ থাকার বিষয়ে তাঁর বড় ভাই শফিকুল ইসলাম গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

২৭ জুলাই দুপুরে অনিল কুমার দাস ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাসের গলায় ও পায়ে ইট বাঁধা লাশ তাঁদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন অনিল কুমার দাসের দুই বৈমাত্রেয় ভাই রতন কুমার দাস ও স্বপন কুমার দাসকে গ্রেপ্তার করে পুলিশ।