টাঙ্গাইলে 'নীরবে' যৌনপল্লি উচ্ছেদ
টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লি উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকালের মধ্যেই প্রায় সাড়ে ৯০০ যৌনকর্মী ও আরও পাঁচ শতাধিক বাসিন্দা এই পল্লি ছেড়ে চলে যান।
টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে এই পল্লি উচ্ছেদের জন্য দুই সপ্তাহ ধরে আন্দোলন চলছিল। তবে নেপথ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা যৌনপল্লিটি উচ্ছেদে মুখ্য ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ নিয়ে পুলিশের কাছে আসেনি।
গতকাল সকালে কান্দাপাড়ায় গিয়ে দেখা যায়, পুরো পল্লি সুনসান। পল্লিতে ঢোকার রাস্তায় পুলিশের একটি ভ্যান। বাড়ির মালিকেরা ঘরের দরজা-জানালা খুলে নিচ্ছেন। সেখানে বৃদ্ধ কয়েকজন যৌনকর্মী প্রথম আলোকে জানান, গত শনিবার বিকেলে হঠাৎ করে বাড়ির মালিকেরা এসে দুই ঘণ্টার মধ্যে তাঁদের ঘরবাড়ি খালি করার নির্দেশ এসেছে বলে জানান। তবে কোথা থেকে কারা এ নির্দেশ দিয়েছেন, এ সম্পর্কে কিছু জানানো হয়নি। এ নির্দেশের কথা শোনার পরই পুরো পল্লিতে কান্নার রোল পড়ে। অনেক যৌনকর্মী সন্ধ্যার মধ্যেই পল্লি ত্যাগ করেন। অন্যরা গতকাল সকালে চলে যান।
মনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ৭০ বছর ধরে তিনি এখানে বাস করেন। এখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এখন কোথায় আশ্রয় নেবেন, তা তিনি জানেন না। হালিমা বেগম নামের আরেক বৃদ্ধা বলেন, ‘যারা আমগো উঠাইয়া দিল, তাগোরে সবাই চেনে, কিন্তু কিছু বলার সাহস কারও নাই।’
একটি সূত্র জানায়, টাঙ্গাইল গোরস্থান মসজিদে গত শুক্রবার যৌনপল্লি উচ্ছেদের ব্যাপারে একটি সভা হয়।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান ওরেফ মুক্তির সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বক্তব্য দেন। সেখানেই যৌনপল্লি উচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সহিদুর রহমান খান টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খানের ভাই। তাঁদের আরেক ভাই সানিয়াত খান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি।
জানতে চাইলে মেয়র সহিদুর রহমান খান বলেন, কিছু ব্যক্তিমালিকানাধীন বাড়িতে এভাবে দিনের পর দিন পতিতাবৃত্তি চলতে পারে না। এখানে খুব অমানবিক পরিবেশে মেয়েদের পতিতাবৃত্তি করানো হতো। এটি উচ্ছেদ হওয়ায় শহরের সব মানুষ খুশি।
সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরানী প্রামাণিক বলেন, যৌনকর্মীদের পুনর্বাসন না করে এভাবে উচ্ছেদ করা ঠিক হয়নি।
এতে তাঁদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এঁরা এখন পুরো শহরে ছড়িয়ে পড়বেন ও সমাজে এর বিরূপ প্রভাব পড়বে।
যৌনকর্মীদের সংগঠন নারীমুক্তির সভানেত্রী আকলিমা বেগম আঁখি শনিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, শুধু ওলামা-মাশায়েখদের দিয়ে উচ্ছেদ করা সম্ভব হতো না। এখানে তাঁদের ব্যবহার করা হয়েছে মাত্র। কারা কীভাবে উচ্ছেদ করেছে, সেটা সবাই জানে। কিন্তু মুখে বলা সম্ভব নয়।
টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল বলেন, এখানে শুধু ব্যভিচার হয় না, অবাধে মাদক বিক্রি হয়। কারও দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন করার কথা তিনি অস্বীকার করেন।
প্রায় ২০০ বছরের পুরোনো কান্দাপাড়ার এই যৌনপল্লিটি ৩০২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। ২০০৬ ও ২০১০ সালেও এটি উচ্ছেদে আন্দোলন হয়েছিল।