টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ৭ শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে ছাত্রশিবির মিছিল বের করায় পুলিশ সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।সোমবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে সোমবার সন্ধ্যার দিকে ছাত্রশিবিরের কর্মীরা গোপনে কালিহাতীর এলেঙ্গার একটি হোটেলে জমায়েত হন। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে পুলিশ এলেঙ্গা বাজারের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাঁদের আটক করে। আটক হওয়া শিবিরকর্মীরা হলেন ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি গ্রামের সেলিম রেজা, শফিকুল ইসলাম, পারভেজ মোশারফ, মনিরুজ্জামান, শামীম আল মামুন, শফিকুল ইসলাম শফিক ও মোমেন। গত ১২ ফেব্রুয়ারি এলেঙ্গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।