টাঙ্গাইলের কবরস্থান থেকে পাঁচ দিন পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জুয়েল মিয়া (১৬) নামে এক মত্স্য ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের একটি কবর থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়েছে। জানা যায়, ত্রিশাল পৌর সদরের শফিকুল ইসলামের মাছের আড়তের পরিচালক জুয়েল মিয়া গত বুধবার মধ্যরাতে ট্রাকভর্তি পাঙাশ মাছ নিয়ে টাঙ্গাইলের নাগরপুর বাজারে যান। মাছ বিক্রি করে ৭৮ হাজার টাকা নিয়ে পরদিন বৃহস্পতিবার সকালে তিনি ত্রিশাল ফিরছিলেন। পথে ঘাটাইল উপজেলার লেংরার বাজার এলাকায় জুয়েল ট্রাক থেকে নেমে পান খেতে যান। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তিনি ফিরে না আসায় ট্রাকচালক ফখরুল ইসলাম (৩৬) সেখান থেকে চলে আসেন। নিখোঁজ জুয়েলের বাবা আক্কাস আলী শুক্রবার ছেলেকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পরও জুয়েলকে না পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি ঘাটাইল থানায় যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, শনিবার সকালে ঘাটাইল ধলাপাড়া রোডের গজারি বন থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশটি বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে কবর দেওয়া হয়েছে। আক্কাস আলী ছবি দেখে লাশ শনাক্ত করেন। ঘাটাইল থানা পুলিশের অনুমতি নিয়ে ওই কবরস্থান থেকে গতকাল জুয়েলের লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার কাউন্সিলর মজিবুর রহমান। আক্কাস আলীর অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দাফনের পর তিনি এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।