টাঙ্গাইলের দুটি কারাগার দীর্ঘদিন ধরে অব্যবহূত
টাঙ্গাইলের দেলদুয়ার ও সখীপুর উপজেলায় দুটি কারাগার দীর্ঘদিন ধরে অব্যবহূত অবস্থায় পড়ে আছে। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা কারাগার দুটিতে বিভিন্ন সময় দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণকেন্দ্র, নিরাপত্তা নিবাস (সেভ হোম), সরকারি শিশু পরিবারসহ (এতিমখানা) বিভিন্ন কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও এর কোনোটিই বাস্তবায়িত হয়নি।তবে টাঙ্গাইলের নারী ও মানবাধিকার সংগঠনগুলো এর একটি কারাগারকে নিরাপত্তা নিবাস হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে।জেলা কারাগার সূত্র জানায়, আশির দশকের মাঝামাঝিতে দেলদুয়ার ও সখীপুর সদরে দুটি কারাগার স্থাপন করা হয়। এরপর কারাগার দুটি ব্যবহার হয়। ’৯১ সালে উপজেলা আদালত জেলা পর্যায়ে আনার পর এ কারাগার দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পর থেকে কারাগার দুটির সব স্থাপনা অব্যবহূত অবস্থায় রয়েছে। ২০০৩ সালের ১১ মে কারাগার দুটি সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরে সমাজসেবা অধিদপ্তর এ দুটি স্থানে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র চালুর উদ্যোগ নেয়। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সে সময় দেলদুয়ার কারাগারের বিভিন্ন স্থাপনা মেরামতের জন্য ১১ লাখ ৩৮ হাজার টাকা এবং সখীপুর কারাগার মেরামতের জন্য ২৪ লাখ ৫০ হাজার টাকার প্রাক্কলন তৈরি করে অর্থ বরাদ্দের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় সমাজসেবার কর্মকর্তার কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র করা সম্ভব হয়নি।২০০৭ সালের ১৩ মার্চ সমাজসেবা অধিদপ্তর থেকে এক পত্রে দেলদুয়ার কারাগার ৫০ আসনবিশিষ্ট নিরাপত্তা নিবাস ও সখীপুর কারাগার ৫০ আসনবিশিষ্ট সরকারি শিশু পরিবার স্থাপনের সিদ্ধান্তের কথা জেলা সমাজসেবা অধিদপ্তরকে জানায়। এ কারাগার দুটির ভবন মেরামত, সংস্কার ও বিদ্যুৎ সংযোগের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কারাগার দুটি মেরামত ও সংস্কারে প্রাক্কলন তৈরি করতে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু গণপূর্ত বিভাগ থেকে প্রাক্কলন না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। সর্বশেষ ২০১০ সালে ১৯ জুলাই জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ কারাগার দুটিতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যেকোনো প্রশিক্ষণকেন্দ্র চালুর ব্যবস্থা গ্রহণের জন্য সমাজসেবা অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী জেলা সমাজসেবা দপ্তর থেকে সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালকের কাছে দিকনির্দেশনা চেয়ে গত বছরের ১৮ জানুয়ারি চিঠি দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ মহিলা পরিষদের টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক শাহানাজ খান বলেন, ‘আমরা অনেক দিন ধরে একটি নিরাপত্তা নিবাসের দাবি জানিয়ে আসছি। কারাগার দুটির যেকোনো একটিকে নিরাপত্তা নিবাস করা হলে কোনো নারী-শিশুকে নিরাপত্তা হেফাজতের নামে অপরাধীদের সঙ্গে হাজতে বাস করতে হবে না।’ টাঙ্গাইলের জেল সুপার আবু ফাতাহ বলেন, প্রতি মাসেই আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঁচ-ছয়জন করে কারাগারে আসে। যাদের বয়স ১৮ বছরের কম তাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে টঙ্গী কিশোর উন্নয়নকেন্দ্র বা কোনাবাড়ী কিশোরী উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়। সমাজসেবা অধিদপ্তর জেলায় নিরাপত্তা নিবাস চালু করলে শুধু টাঙ্গাইল নয়, আশপাশের জেলার নিরাপত্তা হেফাজতে থাকা আসামিদের এখানে রাখা যাবে।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র মজুমদার বলেন, নিরাপত্তা নিবাস, প্রশিক্ষণকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রস্তাব সমাজসেবা অধিদপ্তরের বিবেচনাধীন রয়েছে। বর্তমানে কারাগার দুটি দেখাশোনার জন্য সমাজসেবা অধিদপ্তরের দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রাখা হয়েছে।