টাঙ্গাইলের পৌর মেয়র প্রতিদ্বন্দ্বিতায় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের আটটি পৌরসভার পাঁচটিতে গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিতরা মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এবার ওই পাঁচ মেয়রের মধ্যে চারজন দলীয় মনোনয়ন পেয়েছেন। ব্যতিক্রম শুধু টাঙ্গাইল পৌরসভা। পলাতক থাকায় এখানকার মেয়র দলের মনোনয়ন চাননি।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। অপর একটি অস্ত্র মামলায় আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ অবস্থায় তিনি দলীয় মনোনয়ন চাননি। ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়ী ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভূয়াপুরের মাসুদুর রহমান, কালিহাতীর আনছার আলী ও সখীপুরের আবু হানিফ আজাদ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সূত্র আরও জানায়, টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগ এবার জামিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। ১৯৯৯ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র হন। ওই বছরই তিনি কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন। ২০০৪ সালের পৌর নির্বাচনে ওই দলের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলেও ২০১১ সালে তিনি পরাজিত হন। এরপর থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি তাঁর সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।