টাঙ্গাইলের মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার হওয়া ১১ ছাত্র গতকাল রোববার জামিনে মুক্তি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের এই ১১ ছাত্র প্রকৌশল ডিগ্রির দাবিতে আন্দোলন করতে গিয়ে গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন।জামিন পাওয়া ছাত্ররা হচ্ছেন বাবুকান্ত সেন, রনি, আক্তারুজ্জামান, নিসাদুর রহমান, রিয়াজুল হাসান, হোসাইন মোহাম্মদ, রানা আহমেদ, আতিকুল আজমান, মাহবুব হাসান, সেফাত মোহাম্মদ আরেফিন ও বখতিয়ার।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, গ্রেপ্তার হওয়া ছাত্রদের অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভার পর তাঁরা এবং গ্রেপ্তার হওয়া ছাত্ররা পৃথকভাবে অঙ্গীকারনামা দিয়েছেন। ১৫০ টাকার স্ট্যাম্পে দেওয়া অঙ্গীকারনামায় ছাত্ররা প্রকৌশল ডিগ্রির দাবিতে আর আন্দোলন করবেন না এবং শিক্ষকদের প্রতি অনুগত থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন বলে জানিয়েছেন।প্রক্টর উমর ফারুক জানান, বন্ধ থাকা খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ দুর্গাপূজার ছুটির পর খুলবে।টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেন গতকাল হলফনামার মাধ্যমে আদালতকে জানান, গ্রেপ্তার হওয়া ছাত্রদের জামিন দেওয়া হলে তাঁর কোনো আপত্তি নেই। পরে টাঙ্গাইলের দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম মাইনুল হাসান ইউসুফ ১১ ছাত্রকে জমরুদ হোসেনের জিম্মায় জামিন দেন।