টাঙ্গাইলের মানুষ ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা শামিম হাসান টাঙ্গাইল থেকে ট্রেনে ঢাকায় যাবেন। কিন্তু আসন পাননি। বাধ্য হয়ে আসনছাড়া টিকিট কাটতে হলো তাঁকে। শুধু শামিম হাসান নন, তাঁর মতো শত শত যাত্রীকে আসনছাড়া টিকিট কেটে বাদুড়ঝোলা হয়ে টাঙ্গাইল থেকে ঢাকা যেতে হচ্ছে প্রতিদিন। ১২ মে টাঙ্গাইল স্টেশনে কথা হয় শামিম হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতি সপ্তাহেই ছুটি কাটাতে ট্রেনে টাঙ্গাইলে আসি। আসা-যাওয়ায় কখনোই সিট জোটে না।’ দিন দিন যাত্রীসংখ্যা বাড়লেও টাঙ্গাইল স্টেশনের জন্য কোনো ট্রেনেই আসনসংখ্যা বাড়েনি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দাবি উঠেছে প্রতিটি ট্রেনে আসন বৃদ্ধিসহ ঢাকা-টাঙ্গাইল পথে কমিউটার ট্রেন সার্ভিস চালুর।রেলওয়ে সূত্র জানায়, ২০০৩ সালে উত্তরবঙ্গের সঙ্গে টাঙ্গাইল হয়ে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ শুরু হয়। পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের সঙ্গেও চালু হয় ট্রেন যোগাযোগ। বর্তমানে টাঙ্গাইল হয়ে নয়টি ট্রেন ঢাকার দিকে চলাচল করছে। এর সাতটিতে মাত্র ৪৯টি আসন বরাদ্দ রয়েছে টাঙ্গাইল স্টেশনের জন্য। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের টিকিট মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে সিল্কসিটি এক্সপ্রেসে দুটি শীতাতপনিয়ন্ত্রিত এবং চারটি শোভন চেয়ার আসন, চিত্রা এক্সপ্রেসে ১০টি শোভন আসন, দ্রুতযান এক্সপ্রেসে আটটি শোভন আসন, লালমনি এক্সপ্রেসে চারটি শোভন আসন, পদ্মা এক্সপ্রেসে ১২টি শোভন, নীলসাগর এক্সপ্রেসে পাঁচটি শোভন আসন এবং সুন্দরবন এক্সপ্রেসে চারটি আসন বরাদ্দ রয়েছে। কিন্তু প্রতিটি ট্রেনেই যাত্রী হচ্ছে কয়েক গুণ বেশি। আসন না পেয়ে যাত্রীরা বাধ্য হয়ে আসনবিহীন টিকিট কেটে যাতায়াত করছে। ১২ মে সকালে টাঙ্গাইল স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের অপেক্ষায় রয়েছে অর্ধশতাধিক যাত্রী। স্টেশনমাস্টার জালাল উদ্দিন জানালেন, তাদের মাত্র ছয়জন আসনসহ টিকিট পেয়েছে। বাকি সবাই আসনবিহীন টিকিট নিয়েছে। ঢাকাগামী যাত্রী আরেফিন মাসুদ জানান, সড়কপথে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষ ট্রেনের দিকে ঝুঁকছে। কিন্তু আসন না পাওয়ায় দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হয়। সিল্কসিটি ট্রেনটি স্টেশনে আসার পর দেখা যায়, আসনবিহীন যাত্রীরা সুবিধামতো বগিতে গিয়ে উঠছে। তারা অন্য যাত্রীর আসনের পাশে দাঁড়াচ্ছে ঢাকায় যাওয়ার জন্য। এতে একদিকে যেমন তাদের কষ্ট হচ্ছে, আবার যাদের আসনের পাশে দাঁড়াচ্ছে তাদেরও ভিড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এনামুল হক নামের একজন যাত্রী জানালেন, এটা প্রতিদিনের দৃশ্য।টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহামঞ্চদ উমর ফারুক বলেন, ঢাকা-টাঙ্গাইল সড়কপথে চলাচল ঝুঁকিপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ট্রেনেই বেশির ভাগ যাতায়াত করেন। কিন্তু আসনসহ টিকিট না পাওয়ায় খুব অসুবিধা হয়। তিনি জানান, গত বছরের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপাচার্য এম নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ঢাকাগামী ট্রেনে একটি কোচ (ট্রেনের বগি) বরাদ্দের দাবি জানান। প্রধানমন্ত্রী দাবি পূরণের আশ্বাসও দেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ বলেন, নিরাপদ ও কম সময়ে যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ট্রেনেই আসনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল পথে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা প্রয়োজন। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাশেদ হাসান বলেন, ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী অনেক জেলার কমিউটার ট্রেন সার্ভিস রয়েছে। এসব ট্রেনে আশপাশের জেলার মানুষ ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করতে পারে। ঢাকা-টাঙ্গাইল পথেও এ ধরনের সার্ভিস চালু করলে টাঙ্গাইল থেকে অনেক মানুষ ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করতে পারবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী জানান, ঢাকা-টাঙ্গাইল পথে কমিউটার ট্রেন সার্ভিস চালুর বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া গত বছর ঢাকায় জেলা প্রশাসকদের সমেঞ্চলনেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল আওয়াল ভূঞা প্রথম আলোকে বলেন, ট্রেনের কোচের স্বল্পতার কারণে আসনসংখ্যা বাড়ানো যাচ্ছে না। কোচ বাড়ানো হলে টাঙ্গাইলে আসন বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।