টাঙ্গাইলের মেয়েটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ধর্ষণের শিকার মেয়েটির চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।নবম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে এবং টাঙ্গাইল শহরে মানববন্ধন হয়েছে।ওসিসি সূত্র জানায়, সকালে মেডিসিন, গাইনি, মনোরোগসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা মেয়েটিকে পৃথক চিকিৎসা দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নিউরোমেডিসিন বিভাগের প্রধান দীন মোহাম্মদকে প্রধান করে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে। মেডিকেল বোর্ডে আরও আছেন হাসপাতালের মনোরোগ, মেডিসিন, গাইনি বিভাগের প্রধান ও ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন।গতকাল মেয়েটির চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুল মালেক।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেডিকেল বোর্ড মেয়েটির সমন্বিত চিকিৎসা শুরু করেছে। তার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে সে যাতে ভবিষ্যতে পড়াশোনা করতে পারে, তা তাঁরা বিবেচনার চেষ্টা করছেন।ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, মেয়েটির মানসিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক সপ্তাহে মানসিক অবস্থা স্বাভাবিক হতে পারে। সকালে সে কিছু কথাও বলেছে, তবে হঠাৎ চিৎকার করে। খাবার খেতে না চাওয়ায় স্যালাইন দিয়ে খাবারের ঘাটতি পূরণ করা হচ্ছে।রিমান্ডে জিজ্ঞাসাবাদ: এই মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান, হারুন, মনিরুজ্জামান ও শাজাহানকে তিন দিনের করে ও ধর্ষণে সহযোগিতাকারী মেয়েটির বান্ধবীকে এক দিনের রিমান্ডে নিয়ে গতকাল জিজ্ঞাসাবাদ শুরু করেছে মধুপুর থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মেয়েটির বান্ধবীর সঙ্গে ধর্ষকদের আগে থেকেই যোগাযোগ ছিল। তাঁরা পরিকল্পিতভাবেই বান্ধবীর মাধ্যমে মেয়েটিকে মধুপুরে নিয়ে আসেন।মানববন্ধন-সমাবেশ: ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে কয়েকটি মানবাধিকার সংগঠন। এতে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশ হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গতকাল মেয়েটির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।টাঙ্গাইলের সদর উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে গত ৬ ডিসেম্বর তার এক বান্ধবী বিয়ের অনুষ্ঠানে নেওয়ার কথা বলে মধুপুরের আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামে নুরুজ্জামানের বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে তাকে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবার প্রথমে ঘটনাটি চেপে যায়। ৩০ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নুরুজ্জামান, হারুন অর রশীদ, মনিরুজ্জামান, শাজাহান এবং মেয়েটির এক বান্ধবীকে গ্রেপ্তার করে। ৩১ ডিসেম্বর মেয়েটির ভাই ওই পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।