টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী মামুন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী মামুনকে গতকাল শুক্রবার খুন করেছে দুর্বৃত্তরা। পৌর শহরের বিশ্বাস বেতকার আমিনবাজারে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার পূর্ব আদালতপাড়ার পাহালিয়া মাতব্বরের ছেলে। নিহত মামুনের বড় ভাই আবু সাঈদ জানান, সন্ধ্যার দিকে মামুন আমিনবাজারে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মামুন মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আবিদুল আরিফিন বলেন, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান জানান, মামুনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মামুন-মন্টু গ্রুপের প্রধান মামুনের বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ ২০টির বেশি মামলা রয়েছে। জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি আত্মগোপনে ছিলেন। এ সরকার ক্ষমতায় আসার পর তিনি পূর্ব টাঙ্গাইলে আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। এলাকাবাসী ধারণা করছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে বোঝা যাবে, এর পেছনে কারা জড়িত।