টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী মামুন-মন্টু গ্রুপের প্রধান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দেলদুয়ার উপজেলার মাইঠান গ্রামের জনৈক মানিক মিয়ার ছেলে রাজীবকে (১৭) মামুন-মন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল রোববার অপহরণ করে টাঙ্গাইল শহরে নিয়ে আসে। তারা রাজীবের বাবার কাছে দুই লাখ টাকা দাবি করে। দেলদুয়ার থানার উপপরিদর্শক জামাল হোসেন জানান, এ ব্যাপারে রাজীবের বাবা মানিক মিয়া বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে টাঙ্গাইল সদর থানা পুলিশের সহায়তায় দেলদুয়ার থানার পুলিশ মামুন-মন্টুকে গ্রেপ্তারে অভিযানে নামে। বেলা তিনটার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিউমার্কেট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামুনের ভাই অপর শীর্ষ সন্ত্রাসী মন্টু পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। টাঙ্গাইল সদর থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মামুনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানাতেই তিনটি হত্যাসহ ২৬টি মামলা রয়েছে। সূত্র জানায়, বিগত জোট সরকারের সময় মামুন-মন্টু দুই ভাই ভারতে আত্মগোপন করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে আবার তাঁরা বাহিনী পুনর্গঠন করেন। পুরাতন বাসস্ট্যান্ড, পূর্ব আদালতপাড়া, বেতকা, ঢাকা রোড, বোয়ালীসহ শহরের পূর্বাঞ্চলে চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গত ২৭ আগস্ট এক সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, মামুন-মন্টু বেপরোয়াভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। মানুষ তাদের ভয়ে মুখ খুলতে বা আইনের আশ্রয় নিতেও সাহস পায় না।