টাঙ্গাইলের ৪০টি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে টাঙ্গাইল জেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটলসহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। গত শনিবার দুপুরে ভূমিকম্পের ফলে বিদ্যালয়গুলোর এ ক্ষতি হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ভূমিকম্পের পরপরই উপজেলা শিক্ষা কার্যালয়গুলোর মাধ্যমে এ ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। সবচেয়ে বেশি ভবনের ক্ষতি হয়েছে কালিহাতী উপজেলায়। এ উপজেলার বেতডোবা, হরিপুর, রাজাফৈর, পোষনা, ঢোলকান, সরাই ও রতনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ উপজেলার নারান্দিয়া চকপাড়া স্কুলের বিমে ও ছাদে ফাটল ধরেছে। এ ছাড়া ফুলতলা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে গেছে।
টাঙ্গাইল সদরের মিরের বেতকা, ধনবাড়ী উপজেলার রামকৃষ্ণ বাড়ি, মির্জাপুর উপজেলার কাটড়া, কড়াইল, নতুন আদাবাড়ি, চামুটিয়া ও বহুরিয়া স্কুলের ভবনে ফাটল দেখা দিয়েছে।
গোপালপুর উপজেলার রামজীবনপুর হাজি আফসার আলী বিদ্যালয়ের মেঝে দেবে গেছে। লুঠুরচর বিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ ছাড়া জোত আতাউল্লাহ, রায়ের মাকুল্লা, সুজনবাড়ি, বোয়ারপাড়া বিদ্যালয় ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
সখীপুরের ঘেচুয়া, বগাপ্রতিমা, বেতুয়া, কৈয়ামধু ও নিশ্চিন্তপুর বিদ্যালয়ের দেয়ালে ফাটল ধরেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর বিবরণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।