টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ৩ মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দেওয়া রুল আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ওই সময় পর্যন্ত উপনির্বাচন স্থগিত থাকবে।
এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য নির্বাচন কমিশনের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ২১ অক্টোবর হাইকোর্ট রুল দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, ওই রুল নিষ্পত্তির জন্য আপিল বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় ঠিক করে দিয়েছেন। ওই সময় পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। তবে রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে তা খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যান তিনি।