টাঙ্গুয়ার হাওর ইজারা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গুয়ার হাওর থেকে রাজস্ব্ব আয়ের চেয়ে এর পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য। হাওরটিকে দেশের দ্বিতীয় রামসার সাইট (পরিবেশ-প্রতিবেশের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ সংরক্ষিত এলাকা) ঘোষণার পর পুনরায় সেখানে ইজারা প্রথা চালু করলে সরকারের অঙ্গীকার লঙ্ঘিত হবে। আন্তর্জাতিক দরবারে পরিবেশ বিপর্যয় রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান অটুট রাখার স্বার্থে টাঙ্গুয়ার হাওরে আবার ইজারা প্রথা প্রচলন করা সমীচীন হবে না।টাঙ্গুয়ার হাওরে ছয় বছরে সরকারি ব্যবস্থাপনার মূল্যায়ন করে হাওর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক পরিবেশ ও বন মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠান, এর জবাবে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে গত ২৪ জানুয়ারি পাঠানো এক চিঠিতে সরকারের এই মনোভাব জানানো হয়েছে। সুনামগঞ্জ থেকে সম্প্রতি বদলি হওয়া জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ এ প্রতিবেদন দিয়েছিলেন। মন্ত্রণালয়ের চিঠিতে স্থানীয় প্রশাসনকে টাঙ্গুয়ার হাওরে চলমান সরকারি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ ও সমাজভিত্তিক টেকসই সহব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে এ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে টাঙ্গুয়ার হাওরে দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের (আইইউসিএন) বাস্তবায়নাধীন প্রকল্প-প্রধান আ ফ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেই বলেছি, কোনোভাবেই আবার ইজারায় ফিরে যাওয়ার সুযোগ নেই। জেলা প্রশাসক হয়তো ব্যক্তিগত মত দিয়ে চিঠি দিয়েছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এই চিঠির মাধ্যমে হাওরপাড়ের ৮৮টি গ্রামের ৫৬ হাজার মানুষ তাদের ব্যবস্থাপনা চালিয়ে যেতে উত্সাহিত হবে।’তত্কালীন জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, সরকারি ব্যবস্থাপনায় ছয় বছর থাকার পরও হাওরের সার্বিক প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন হয়নি। তিনি মতামত দেন, বর্তমান ব্যবস্থাপনায় হাওরের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, মত্স্য প্রজনন ও উত্পাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিগত বছরগুলোতে হাওরে মাছের প্রজনন ও উত্পাদন বৃদ্ধির জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থা চলতে থাকলে অচিরেই টাঙ্গুয়ার হাওরের বিশাল মত্স্যভান্ডার শূন্য হয়ে পড়বে। এসব কারণে তিনি হাওরটি পুনরায় ইজারাদারিতে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে গত মাসের শুরুতে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ ও বন মন্ত্রণালয় জেলা প্রশাসনকে এ বিষয়ে সরকারের মনোভাবের কথা জানায়। ওই পত্রে আরও বলা হয়, রামসার কনভেনশনে স্বাক্ষরকারী প্রতিটি দেশের মতো বাংলাদেশও রামসার নীতিমালা (জলাভূমির টেকসইযোগ্য ব্যবহার ও সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি) মেনে চলার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অঙ্গীকারবদ্ধ।সুনামগঞ্জের ধরমপাশা ও তাহিরপুর উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওর সমন্বয়ে নয় হাজার ৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। একসময় গাছ-মাছ-পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়। অবসান হয় দীর্ঘ ৬০ বছরের ইজারাদারির। ২০০০ সালের ২০ জানুয়ারি এই হাওরকে ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে ২০০১ সালের ১২ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০০৩ সালের ৯ নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।