টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনার সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ১৩ বছরের সরকারি ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সফলতা আসেনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও হাওরপারের মানুষেরা। ‘টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা: অংশীজনের মতামত’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ নামের একটি সংগঠন এই মতবিনিময়ের আয়োজন করে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভায় মূল বক্তব্য তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১০ নভেম্বর হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০০৬ সালের ডিসেম্বর থেকে হাওরে ‘সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প’ শুরু করে। গত ৩১ আগস্ট এই প্রকল্প শেষ হয়েছে।

জাফর সিদ্দিক বলেন, ১৩ বছর পর হাওর ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এখন ‘টাঙ্গুয়ার হাওর কর্তৃপক্ষ’ গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। হাওর ব্যবস্থাপনায় শুরুতে যে গতি ছিল, সেটি ধরে রাখা যায়নি। ব্যবস্থাপনায় নানা ফাঁক তৈরি হয়েছে। এখনো সবাই মিলে চেষ্টা করলে এই হাওর ও হাওরপারের মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব।

প্রধান অতিথি এম এ মান্নান বলেন, নতুন কোনো কর্তৃপক্ষ গঠন নয়, বর্তমান ব্যবস্থাপনার সংস্কার ও স্থানীয় জনগণকে নিয়ে হাওরের উন্নয়নে কাজ করতে হবে। সাবেক সাংসদ ও হাওরের একসময়ের ইজারাদার নজির হোসেন বলেন, হাওরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে পুনরুদ্ধার, উৎপাদন ও শাসন—এই প্রক্রিয়ায় কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা সীমিত লোকবল দিয়ে হাওরের সম্পদ রক্ষার কাজ করে যাচ্ছি। হয়তো পুরোপুরি সফল নই, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ সভায় আরও বক্তব্য দেন সাংসদ মুহিবুর রহমান, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা প্রমুখ।