টাঙ্গুয়ার হাওরে ঝুঁকিপূর্ণ পর্যবেক্ষণ টাওয়ার
>• টাওয়ারে ওঠার মুখে পাকা সিঁড়ির কিছু অংশ ভেঙে গেছে।
• দুই পাশে স্টিলের রেলিং ছিল।
• এখন মাঝখানে রেলিং নেই।
দ্বিতীয় বৃহত্তম জীববৈচিত্র্যে সমৃদ্ধ হাওর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। প্রতিদিন হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এখানে আসেন। হাওর দেখতে পর্যটকদের জন্য ২০১৪ সালে এখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করে বন বিভাগ। কিন্তু টাওয়ারটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সুনামগঞ্জ জেলা রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি এলাকায় ২০১৪ সালে টাওয়ারটি নির্মাণ করা হয়। টাওয়ারের উচ্চতা প্রায় ৪০ ফুট। বন বিভাগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দরপত্র আহ্বান করে তাদের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা শুধু তাদের সহযোগিতা করেছেন।
সরেজমিন দেখা গেছে, গোলাবাড়ি এলাকায় আনসার ক্যাম্পের পূর্বে হিজলবাগানের পাশে এই পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। টাওয়ারের উত্তরে হাওরের রূপাবই বিল। বিলের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়। এই টাওয়ার থেকে হাওরে চারদিক দেখা যায়। টাওয়ারে দাঁড়ালে হাওর, পাহাড় আর ওপরের নীল আকাশ ধরা দেয় পর্যটকদের চোখে। টাওয়ারে ওঠার মুখে পাকা সিঁড়ির কিছু অংশ ভেঙে গেছে। দুই পাশে স্টিলের রেলিং ছিল। এখন মাঝখানে রেলিং নেই। টাওয়ারের একেবারে ওপরে যেখানে দাঁড়িয়ে লোকজন হাওর দেখবে সেখানের চারদিকের স্টিলের রেলিং চুরি হয়ে গেছে। এ কারণে ওপর থেকে পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুদের জন্য টাওয়ারে ওঠা এখন ঝুঁকিপূর্ণ।
গোলাবাড়ি এলাকার বাসিন্দা আইজুল ইসলাম বলেন, টাওয়ারের ওপরে রেলিং দেওয়া না থাকলে যেকোনো সময় লোকজন পড়ে যেতে পারে। পাশের জয়পুর গ্রামের আলী আফজল জানান, বর্ষায় যখন হাওরে পানি বেশি থাকে তখন এই টাওয়ারে মানুষ উঠলে কাঁপে। তখন মানুষের আনাগোনাও থাকে বেশি। এটি সংস্কার করা প্রয়োজন।
সুনামগঞ্জ বন বিভাগের এক কর্মকর্তা বলেছেন, টাওয়ারের রেলিং চুরি হওয়ার বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু এটি হাওরের দুর্গম এলাকায় থাকায় অনেক সময় তাদের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে পড়ে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘টাওয়ারের ঝুঁকির বিষয়টি আমাকে স্থানীয় লোকজন জানিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব, কী করা যায়।’
সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপর ও ধরমপাশা উপজেলায় এই হাওরের আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। ২০০০ সালের ২০ জানুয়ারি এই হাওরকে ‘রামসার সাইট’ বা বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। ২০০৩ সালের ৯ নভেম্বর জেলা প্রশাসন হাওরের নিয়ন্ত্রণ নেয়। হাওরের সম্পদ পাহারায় বর্তমানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ও স্থানীয় জনগোষ্ঠী নিয়ে গঠিত নিরাপত্তাকর্মীরা রয়েছেন।