টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনা কাজে লাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। এই হাওরে আয়োজিত দুই দিনের ‘জোছনা উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার এই দাবি জানানো হয়। হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়নে সরকারকে আরও আন্তরিক হওয়ারও দাবি ওঠে।
গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে আন্তর্জাতিক ‘রামসার সাইট’ তালিকাভুক্ত টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে তাহিরপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন রোপাবই বিলে জোছনা উৎসবের আয়োজন করে। শুক্রবার রাতে হাওরে হাজারো মানুষ নৌকায় রাত্রিযাপন করে জোছনা উপভোগ করেন। শনিবার শতাধিক নৌকায় করে বিশাল এ হাওরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তাঁরা। এরপর বিকেলে যাদুকাটা নদীর তীরে বারেক টিলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
সমাপনীতে উৎসবের অন্যতম উদ্যোক্তা তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন শত শত পর্যটক আসেন। কিন্তু তাঁদের জন্য ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা নেই। এ হাওরে পর্যটনবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের সম্পদ। এই হাওরের উন্নয়নে সরকার কাজ করছে। শুধু প্রশাসন একা নয়, সবাই মিলেই এই হাওর রক্ষা করতে হবে।