টাঙ্গুয়ার হাওরের সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিকভাবে ‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’ হিসেবে ঘোষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হাওরে দুই দিনের ‘নাও যাত্রা’র উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর এই কর্মসূচি পালিত হবে।
উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত সোমবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউএনও রফিকুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় বক্তব্য দেন।
কামরুজ্জামান বলেন, টাঙ্গুয়ার হাওর এখন দেশ-বিদেশে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণীয় স্থান এই হাওরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও কেবল উদ্যোগের অভাবে সেটি হচ্ছে না। পাশাপাশি নানা কারণে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তিনি বলেন, ৫০টি নৌকায় দুই দিন হাওরে অবস্থান করে সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের সম্ভাবনাকে কাজে লাগানোর দাবি জানানো হবে।