টানা অবরোধে পর্যটকশূন্য মধুটিলা ইকোপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মৌসুমেও পর্যটকশূন্য হয়ে পড়েছে শেরপুরের গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্ক। ২০-দলীয় জোটের টানা অবরোধের কারণে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন পার্কের ব্যবসায়ীরা। এতে তাঁরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
ময়মনসিংহ বন বিভাগ, এলাকাবাসী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে নালিতাবাড়ীর গারো পাহাড়বেষ্টিত ভারতের সীমানা ঘেঁষে ৩৮৩ একর এলাকাজুড়ে পার্কটি নির্মাণ করা হয়। প্রতিবছর ডিসেম্বরের শেষ দিক থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন এখানে। দশনার্থীদের জন্য পার্কজুড়ে রয়েছে হাতি, কুমির, বাঘ, হরিণ, সিংহ, মৎস্যকুমারীসহ নানা ভাস্কর্য। ভারতের মেঘালয়সহ আশপাশের সৌন্দর্য উপভোগের জন্য পাহাড়ের চূড়ায় রয়েছে উঁচু টাওয়ার। এ ছাড়া পার্কের লেকে প্যাডেল বোট, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, রেস্টহাউস, রেস্তোরাঁসহ নানা স্থাপনা রয়েছে। প্রতিবছর পার্কটির বিভিন্ন স্থাপনা বন বিভাগ ইজারা দেয়।
পার্কটির সঙ্গে জড়িত প্রায় আট শতাধিক পরিবারের উপার্জনের একমাত্র পথ। কিন্তু অবরোধের কারণে পর্যটক না থাকায় পার্ককে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
খাবারের দোকানদার আসাদুজ্জামান বলেন, ‘অবরোধ ও হরতালের লাইগা দূর-দূরান্তের মানুষ এইখানে আসতে পারে না। তাই আমগর ব্যবসাও বন্ধ অয়নের উপক্রম।’
ইকোপার্কের প্রধান ফটকের ইজারাদার ইদ্রিস আলী জানান, এ বছর ১৬ লাখ টাকায় প্রধান ফটক ইজারা নেওয়া হয়েছে। এ পর্যন্ত ছয় লাখ টাকা উঠেছে। অবরোধের কারণে দর্শক কম থাকায় লোকসান গুনতে হবে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জার মো. জিল্লুর হোসেন আকন্দ বলেন, হরতাল-অবরোধের কারণে দর্শনার্থীর উপস্থিতি কম থাকায় ব্যবসায়ীরা তেমন সুবিধা করতে পারবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনার্থীদের সমাগম হবে। তখন তাঁরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।