টানা অবরোধে শেরপুরের সবজির বাজারে ধস
২০-দলীয় জোটের টানা অবরোধের কারণে ঢাকা থেকে পাইকার না আসায় শেরপুরের সবজির বাজারে ধস নেমেছে। ফলে সবজি উৎপাদনকারী কৃষকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। বর্তমানে শেরপুরের হাটবাজারে ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, শিমসহ অধিকাংশ সবজিই বেশ কম দামে বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের একজন দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ৯৬৫ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়। এর মধ্যে শেরপুর সদর উপজেলাতেই ৪ হাজার ৯৫৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা শেরপুরে এসে উৎপাদিত সবজির অধিকাংশই খেত বা স্থানীয় হাটবাজার থেকে কিনে নিয়ে যান। এ জন্য উৎপাদন মৌসুমের শুরুতে কৃষকেরা সবজির ন্যায্যমূল্যও পেয়েছিলেন।
কিন্তু আট দিন ধরে টানা অবরোধের কারণে ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। ফলে সবজি কিনতে ঢাকা থেকে পাইকারেরাও আসছেন না। এতে শেরপুরের বাজারগুলোয় সবজির দামে ধস নেমেছে। পচে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা এখন অধিকাংশ সবজিই বেশ কম দামে বিক্রি করছেন।
শনিবার সরেজমিনে জেলা সদরের পাইকারি হাট কুসুমহাটি বাজারে গিয়ে দেখা যায়, কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, শিমসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সবজি বাজারে নিয়ে এসেছেন। কিন্তু পাইকারের অভাবে সেগুলো বিক্রি করতে পারছেন না। স্বল্পসংখ্যক স্থানীয় পাইকার বাজারে আনা সবজির দাম বলছেন খুবই কম।
এ সময় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘিনাপাড়া গ্রামের কৃষক হারুনুর রশীদ (৫০) বলেন, এক বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছিলেন। এ জন্য ৩০ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদন ভালো হয়েছে। অবরোধের আগে ঢাকা থেকে পাইকারেরা খেতে গিয়ে ১০০ কপি ৫০০ টাকায় কিনেছেন। কিন্তু এখন পাইকার না আসায় খেত থেকে কপি বাজারে নিয়ে এসেছেন। স্থানীয় পাইকারদের কাছে ১০০ কপি ১৫০ টাকায় বিক্রি করেছেন। এতে তাঁর অনেক লোকসান হবে বলে জানান।
সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ (৪৫) বলেন, ‘২৫ শতাংশ জমিতে বাঁধাকপি চাষ করছিলাম। আগে পাইকারেরা খেত থাইক্যা ১০০ কপি ৮০০ ট্যাহায় কিনত। কিন্তু অহন পাইকারেরা ১০০ কপির দাম ১০০ ট্যাহা বলতাছে। এই দামে বেচলে আমার অনেক লোকসান হবো। কিন্তু না বেইচা কী করুম? বাড়িত ফিরত নিয়া গেলে ভ্যান ভাড়া দিমু কই থাইক্যা?’
সদর উপজেলার আরেক কৃষক আবদুর রশীদ (৫৫) বলেন, ৩৫ শতাংশ জমিতে তিনি বেগুন আবাদ করেছিলেন। মৌসুমের শুরুতে এক মণ বেগুন ৭০০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু অবরোধের কারণে গত শনিবার এক মণ বেগুন ৪৫০ টাকায় বিক্রি করেছেন।
কুসুমহাটি বাজারের সবজি ব্যবসায়ী উজ্জ্বল মিয়া (২৫) বলেন, অবরোধের কারণে ঢাকা থেকে পাইকারেরা আসছেন না। আবার সড়ক-মহাসড়কে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তাঁরাও ঢাকায় সবজি পাঠাতে পারছেন না। তাই বাজারে সবজির দাম অনেক কমে গেছে। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
জানতে চাইলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান গত শনিবার বলেন, পণ্যসহ সব ধরনের যান চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব ও পুলিশ সদস্যরা মহাসড়কে টহল জোরদার করেছেন। ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে তাঁদের মালামাল ও পণ্য পরিবহন করতে পারবেন বলে তিনি জানান।