টানা অবরোধে বরগুনায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে বরগুনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
প্রশাসনের নজরদারির মধ্যেও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পণ্যবাহী যানবাহন চলাচল কমে গেছে। এর প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে।
গতকাল রোববার বরগুনা শহরের পৌর সুপার মার্কেট এলাকার কয়েকজন শ্রমজীবীর মানুষের সঙ্গে কথা বলে জানা যায় তাঁদের কষ্টের কথা। ধূপতি গ্রামের শ্রমজীবী কামাল হোসেন বলেন, ‘সকাল হইতে বইয়্যা রইছি কেউ কামে ডাকে না। কিন্তু প্যাডের খিদা তো কমে নায়। রাইতে ঠিকই বাজার-সওদা, চাউল লইয়্যা বাড়ি যাওন লাগবে। আয় না করতে পারলে ক্যামনে নিমু? আর বাজার-সওদার দাম যে রহম বাড়ছে, হ্যাতে মোগো মরণ ছাড়া উপায় নাই।’
বুড়িরচর গ্রামের শ্রমজীবী আবদুল খালেক বলেন, ‘চাউল-ডাইল সবকিছুর দাম বাড়তে আছে, কিন্তু আয় আগের চাইতে অনেক কমছে। পাঁচজনের সংসারে চাউল লাগে দুই কেজি। এহন হেই জাগায় কিনি সোয়া কেজি।’
বরগুনা শহরের পুরান বাজারের কাঁচামালের কয়েকজন ব্যবসায়ী বলেন, আগে প্রতি দিন কাঁচামাল নিয়ে ৮-১০টি ট্রাক বরগুনা আসত। এখন সেখানে একটির বেশি ট্রাক আসছে না। কোনো কোনো দিন একটিও আসছে না। এ ছাড়া স্বাভাবিক সময়ে এক ট্রাক কাঁচামাল আনতে খরচ হতো ৩২-২৫ হাজার টাকা। অবরোধের কারণে খরচ বেড়ে হয়েছে ৬০-৭০ হাজার টাকা।
পুরান বাজার এলাকার খুচরা ও পাইকারি বাজার ঘুরে জানা যায়, আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়েছে।
শহরের নজরুল ইসলাম সড়কের পাইকারি মুদি ব্যবসায়ী আবদুল আলীম বলেন, মসুর ডাল কেজিপ্রতি ১০ টাকা এবং সয়াবিন তেলে ১০-১২ টাকা বেড়েছে। এ ছাড়া আগে ঢাকা, খুলনা থেকে একটি ট্রাক বরগুনা আনতে ভাড়া দিত হতো ১৭ থেকে ২০ হাজার টাকা। এখন ৩০-৩৫ হাজার টাকা দিলেও ট্রাক আসতে চায় না।
তবে আড়তদার মাহবুব খান বলেন, আপাতত নৌপথে পণ্য পরিবহন করায় মসলার দাম তেমন বাড়েনি। তবে অবরোধ অব্যাহত থাকলে অনেক বাড়বে।