টানা অবরোধে বেড়েছে সব নিত্যপণ্যের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিনের অবরোধে রাজধানীর বাজারে শাকসবজি, মাছ, চাল, পেঁয়াজসহ সব নিত্যপণ্যের দাম বেড়েছে। বিরোধী দল আজ শনিবার থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। অবরোধ না থাকায় গতকাল শুক্রবার কাঁচা বাজারগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। কিন্তু সব জিনিসের দামই ছিল চড়া।

কারওয়ান বাজার, মহাখালী ও উত্তরার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চিত্র পাওয়া গেছে। দুই সপ্তাহের ব্যবধানে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, লালশাক, পালংশাক, মিষ্টিকুমড়া, বেগুনসহ প্রায় সব ধরনের শাকসবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। অথচ দুই সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল কমতির দিকে এবং দাম এখন আরও কমার কথা ছিল। কিন্তু দুই সপ্তাহে এক দিনের বিরতি দিয়ে নয় দিনের অবরোধ উল্টো দাম বাড়িয়ে দিয়েছে।

অবরোধের কারণে ঢাকার বাইরে থেকে শাকসবজি আসতে না পারায় গত কয়েক দিন বাজারে সরবরাহ কম ছিল। কিন্তু গতকাল সরবরাহ বাড়লেও ক্রেতাদের চাহিদা বেশি থাকায় শাকসবজির দাম কমেনি। এক কেজি শিম ৪০-৫০ টাকায় ও টমেটো ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০-৩৫ টাকা। প্রতি কেজি শালগম ২৫-৩০ টাকা, ভালোমানের মুলা ৩০-৩৫ টাকা, পেঁপে ১৫-২০, গোল বেগুন ৪৫-৫০, কাঁচা টমেটো ২৫-৩০ ও গাজর ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

পালংশাক, মুলাশাক, লালশাকসহ প্রায় সব ধরনের শাকের কেজি ২০-৩০ টাকা। মাঝারি আকারের একটি লাউ ৬০-৭০ টাকা এবং একই আকারের মিষ্টিকুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি কাঁচা মরিচ ১০০-১২০ টাকা ও ধনেপাতা ১২০ টাকা।

আলুর দাম কেজিতে দুই টাকা বেড়ে ২২-২৩ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলুর দাম কেজিপ্রতি ৫০-৫৫ টাকা।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ফিরোজ মিয়া জানান, অবরোধ শেষে বৃহস্পতিবার রাতে যেসব সবজি এসেছে, তা গতকাল বিকেল পর্যন্ত কাঁচাবাজারে পৌঁছাতে পারেনি। তাই চাহিদা বেশি থাকায় দামও একটু বেশি।

উত্তরায় বাজার করতে আসা ওই এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক দিল আফরোজা প্রথম আলোকে বলেন, মানবিক দিক বিবেচনা করে নিত্যপণ্যবাহী যানবাহন হরতাল, অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখা উচিত। হরতাল, অবরোধের কারণে যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, তাতে বাজারের বাজেটে আর কুলাচ্ছে না।

অবরোধের আগে কমতে থাকা পেঁয়াজের দামও আবার বেড়েছে। অবরোধের আগে দেশি পেঁয়াজ ৮০-৮৫ টাকা হলেও এখন হয়েছে ১১০ টাকা। দুই সপ্তাহ আগে ৬০-৬৫ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা। অথচ সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দামও কমতির দিকে ছিল।

মাছ-মাংস: সরবরাহ সংকটের কারণে মাছের দামও বেড়েছে। রুই মাছ কেজিতে ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে আকারভেদে ২৩০ থেকে ৩২০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে তেলাপিয়ার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আকারভেদে এক কেজি তেলাপিয়া ১৪০-১৭০ টাকা, মাঝারি টেংরা ৩৫০-৪০০ টাকা, চিংড়ি ৫৫০-৬০০ টাকা এবং সরপুঁটি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। কেজিতে ১০-১৫ টাকা বেড়ে পাঙাশ বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকায়। তবে ইলিশ মাছের দাম স্থিতিশীল রয়েছে।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারভেদে ১১৫-১২০ টাকায়।

অন্যান্য নিত্যপণ্য: চালের মৌসুম হওয়া সত্ত্বেও অবরোধের কারণে বাজারে সরবরাহ কম থাকায় সব ধরনের চালের দাম কেজিতে দুই-তিন টাকা বেড়েছে। নাজিরশাইল ৪৮-৫২ টাকা, মিনিকেট ৪৬-৪৮ টাকা, ব্রি-২৮ চাল ৪৩-৪৪ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল হিসেবে পরিচিত পারিজাতের কেজি ৩৬-৩৮ টাকা।

দেশি মসুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২৫ টাকায়। প্যাকেটজাত আটা ও ময়দার দাম কেজিতে বেড়েছে দুই টাকা।

দুই সপ্তাহের ব্যবধানে আধা কেজি ওজনের ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধের দাম ১০ টাকা বেড়ে ৩২০ টাকায় এবং ১৫ টাকা বেড়ে ৪০০ গ্রাম ওজনের ডানো বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। ৪০০ গ্রাম ওজনের মার্কস ব্র্যান্ডের গুঁড়ো দুধ ২২০ টাকা।

বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। পাঁচ লিটারের রূপচাঁদা ও তীর ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম যথাক্রমে ৫৮০ ও ৫৭০ টাকা।