টানা অবরোধে সরবরাহ বন্ধ, পচে যাচ্ছে পান, চিন্তিত চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ১৮ দলের টানা অবরোধে কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের ২০ হাজারের বেশি বরজের পান সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে গাছেই পচে নষ্ট হচ্ছে শতকোটি টাকার পান।
গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বিক্রির জন্য চাষিরা পান নিয়ে এলেও ক্রেতা নেই। উপজেলার রাজাপালং গ্রামের চাষি আমির হামজা (৫৫) বলেন, ‘চার মাস আগে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে ৪০ শতক জমিতে একটি পানের বরজ তৈরি করি। এখন বরজের সব পান বিক্রি হলে পেতাম ছয় লাখ টাকা। কিন্তু বাজারে আনা পাঁচ হাজার পান বিক্রি না হলে রাতে ফেলে দিতে হবে। কারণ, পান সংরক্ষণের কোনো ব্যবস্থা জেলায় নেই।’
চাষিরা বলেন, ক্রেতা না থাকায় ২০০ টাকার প্রতি বিড়া (৮০টি) পান বিক্রি করতে হচ্ছে ২৫-৩০ টাকায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু কাউছার মো. সরওয়ার বলেন, গত বছর এই সময়ে উপজেলার দারোগা বাজার, সোনারপাড়া বাজার, মরিচ্যা ও বালুখালী বাজারে দৈনিক পাঁচ কোটি টাকার পান বিক্রি হতো। এখানকার পান ট্রাকবোঝাই করে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। আর এখন দৈনিক এক লাখ টাকার পানও বিক্রি হচ্ছে না।
রামুর পানিরছড়া গ্রামের চাষি লোকমান হাকিম (৪৮) বলেন, অবরোধ না থাকায় ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনে তিনি ১২ হাজার টাকার পান বিক্রি করেন; যা অন্য সময় বিক্রি করলে পাওয়া যেত ৭৫ হাজার টাকা।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, সরবরাহ বন্ধ থাকায় এই উপজেলার ১৭৭টি গ্রামে প্রায় সাত হাজার বরজে ৫০ কোটি টাকার পান কাটা যাচ্ছে না। এ অবস্থা আরও ১০-১৫ দিন চলতে থাকলে সব পান গাছেই নষ্ট হয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, গত বছর প্রায় ২৪ হাজার বরজে উৎপাদিত এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন পান বিক্রি করে চাষিরা পেয়েছেন প্রায় ৪৩০ কোটি টাকা। বাম্পার উৎপাদনের ফলে এবার ২০ হাজারের বেশি বরজের পান বিক্রি করে ৫০০ কোটি টাকা উপার্জনের লক্ষ্যমাত্রা ধরা হলেও অবরোধ কর্মসূচিতে পানচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলার প্রায় ৬৩ হাজার চাষিসহ তিন লাখ মানুষ এই পান চাষের ওপর নির্ভরশীল।