টানা আন্দোলনে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক কাজে অসহযোগিতা করার টানা আন্দোলনে আছে শিক্ষক সমিতি। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিক্ষকদের একটি পক্ষ। পৃথক দাবিতে আন্দোলনে আছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছাত্রসংগঠনগুলো সোচ্চার হল চালু করার দাবিতে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত এক মাসের চিত্র এটি।
চতুর্মুখী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচাবস্থা চলছে। এর মধ্যে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা আরও জটিল হয়ে পড়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। ফটকে যখন তালা লাগানো হয়, তখন সেখানে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি চলছিল।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন শিক্ষক জানিয়েছেন, শিক্ষক সমিতির পক্ষে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের কয়েকজন ছাত্র তালা লাগিয়েছেন। এ সময় উপাচার্য প্রশাসনিক ভবনে ছিলেন। পরে বিকেল পাঁচটার দিকে কার্যালয় থেকে বের হন তিনি।
প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় সমিতির কেউ জড়িত নন বলে দাবি করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
সমিতির কর্মসূচির বিপক্ষে অবস্থান নেওয়া ‘মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের অনুসারী’ শিক্ষকদের সংগঠন নীল দলের সদস্যসচিব আপেল মাহমুদ দাবি করেছেন, ‘পরিস্থিতি আরও ঘোলাটে করতে আন্দোলনকারী সমিতির পক্ষে প্রশাসনিক ভবনে তালা লাগানো হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষার স্থিতিশীল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আলোচনার মাধ্যমে পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কর্মরত শিক্ষকের গণস্বাক্ষর অভিযান আজ (গতকাল) থেকে শুরু করা হয়েছে।’
অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা প্রায় শেষ হতে চললেও শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসহযোগিতা করার কর্মসূচি দেওয়ায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
২ নভেম্বর থেকে শুরু হওয়া শিক্ষক সমিতির আন্দোলনের অংশ হিসেবে ১২ জন শিক্ষক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বের ২৭টি পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগ, ছয়টি অনুষদ, প্রক্টর, সহকারী প্রক্টর, প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসকসহ বর্তমানে ৪৩টি প্রশাসনিক পদ রয়েছে।
কেন শিক্ষক সমিতির আন্দোলন: সমিতির একটি সূত্র জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিন্ডিকেট সভায় ২৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তাঁরা আগেই পদোন্নতির যোগ্যতা অর্জন করেছিলেন। তাঁদের পদমর্যাদা ও প্রাপ্য সুবিধাদি সিন্ডিকেট সভার দিন থেকে কার্যকর করার সিদ্ধান্ত হলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপর ২৭ অক্টোবর শিক্ষক সমিতি সাধারণ সভার মাধ্যমে এ বিষয়ে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু উপাচার্য শিক্ষকদের বকেয়া সুবিধা দেওয়ার বিষয়টি আমলে নেননি। এ কারণে উপাচার্যের সঙ্গে যাবতীয় কাজে অসহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির একটি সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সনদ জালিয়াতি করে নিয়োগ পাওয়া ইমরান নামের এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সমিতি এর প্রতিবাদ জানায়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভর্তি হওয়া পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করলেও স্নাতকোত্তর ডিগ্রির নীতিমালা এখনো প্রণয়ন করা হয়নি। উপাচার্যের উদাসীনতায় এমনটি ঘটছে বলে মনে করে সমিতি। ফলে এসব বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্সের ক্লাস করতে পারছেন না। উপাচার্যের বিরুদ্ধে সমিতির আরও অভিযোগ, তিনি বেশির ভাগ সময় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থেকে ঢাকায় অবস্থান করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য মহোদয়ের কাছে আমরা যখনই কোনো দাবি নিয়ে যাই, তখনই তিনি শিক্ষকদের বিভক্ত করে আমাদের মুখোমুখি দাঁড় করে দেওয়ার অপচেষ্টা করেন। আমরা বারবার আলোচনাই চেয়েছি। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা না করে তুচ্ছ করা হয়েছে।’