টানা খরার পর বৃষ্টিতে খুশির ঝিলিক কৃষকের চোখে-মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় টানা খরার পর গত কয়েক দিনের কয়েক দফা বৃষ্টিতে জমির ধান নিয়ে শঙ্কিত কৃষকের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। এবার রোপা আমন চাষের শুরুতে বৃষ্টি হলেও এরপর লম্বা সময় আর বৃষ্টি ছিল না। এতে হতাশ হয়ে পড়েন কৃষকেরা। টানা খরায় ধানখেতে পানি ছিল না। কৃষকেরা বাধ্য হয়ে খেতে শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন। এমন সময় বৃষ্টিতে হাঁফ ছেড়ে যেন বাঁচেন তঁারা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার দুপচাঁচিয়া উপজেলায় ১৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উফশী (উচ্চফলনশীল) জাতের ১১ হাজার ৯৫০ হেক্টর ও স্থানীয় জাতের ৪০০ হেক্টর ধান লাগিয়েছেন। আর কাহালু উপজেলায় ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। এ উপজেলায় সবই উফশী জাতের। এ দুই উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৪২ হাজার মেট্রিক টন।
গত সোমবার বিভিন্ন গ্রাম ঘুরে কথা হয় কৃষকদের সঙ্গে। দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর গ্রামের কৃষক জয়মুদ্দিন প্রামাণিক বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি ছিল না। আমনখেতে বৃষ্টি না হলে ধানের ফলন হবে না। এ মৌসুমে ধানগাছ আকাশের পানি চায়। খেতে পানি না থাকায় ধানের গামরের জন্য এ সময় বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে খেতে সেচের ব্যবস্থা করেছি। তবে গত দুদিনের বৃষ্টিতে ধানগাছের চেহেরা পাল্টে গেছে।’
কাহালু উপজেলার নিশিন্দারা গ্রামের কৃষক মাহবুর রহমান বলেন, ‘মৌসুমের শুরুতে বৃষ্টি হয়েছে। কিন্তু ধান লাগানোর পর থেকে বৃষ্টি নেই। এবার বর্ষা মৌসুমে তেমন বৃষ্টি-বাদল হয়নি। যেটুকু বৃষ্টি হয়েছে তা ধানের কোনো উপকারে আসেনি। বৃষ্টি না থাকায় ধানখেত শুকিয়ে গিয়েছিল। অনেক উঁচু জমির খেত ফেটেও যায়। তাই আমরা অনেকেই দুই সপ্তাহ হলো খেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন নামিয়েছি। কিন্তু আল্লাহর রহমতে গত দুদিনের টানা বৃষ্টিতে ধানগাছের গামর থেকে ফুল এসেছে।’
দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, দেড় মাসে আকাশের পানি না থাকায় কৃষকেরা হতাশ হয়েছিলেন। অনেক জমি ফেটে গিয়েছিল। অথচ এ সময় ধানের গামর হয়ে ফুল আসবে। এমন সময় বৃষ্টি না হওয়ায় বিভিন্ন মাঠে শ্যালো দিয়ে সেচের ব্যবস্থা করেন কৃষকেরা। হঠাৎ দুদিনের টানা বৃষ্টিতে ধানগাছের ফুলের সঙ্গে কৃষকের মনেও হাসি ফুটেছে।