টানা চার মাস খাদ্য সহায়তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামে খাদ্যের সংকটে পড়া মানুষকে চাল-সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা আগামী চার মাস টানা দিয়ে যাওয়ার দাবি তোলেন স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যানরা (মৌজাপ্রধান)। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় এই দাবি তোলেন তাঁরা।
খাদ্যের সংকট মোকাবিলা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা, শিয়ালদাই মৌজার হেডম্যান জৈপুই থাং ত্রিপুরা, তুইছুই মৌজার হেডম্যান গরেন্দ্র ত্রিপুরা, ব্যাটলিং মৌজার হেডম্যান রোয়ালতাত পাংখোয়া, ৫৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি সুবেদার মো. নাঈমুল ইসলাম, ৩৯ বিজিবির প্রতিনিধি হাবিলদার মো. শিবু চন্দ্র মহন্ত প্রমুখ।
শিয়ালদাই মৌজার প্রধান জৈপুই থাং ত্রিপুরা বলেন, দুর্গম গ্রামের মধ্যে ব্যাটলিং তুইছুই ও শিয়ালদাই মৌজায় খাদ্যের সংকট চলছে। পাহাড়ি এলাকায় মাটির উর্বরতা কমে গেছে। এ কারণে এখন আর আগের মতো জুমের ফসল পাওয়া যায় না। এ ছাড়া কোনো কোনো বছর ফলন ভালো হলেও বন্য শূকর, ইঁদুরসহ অন্য প্রাণীর উপদ্রবে ভালোভাবে ফসল ঘরে তুলতে পারেন না জুমিয়ারা।
তুইছুই মৌজার প্রধান গরেন্দ্র ত্রিপুরা বলেন, ২০০৭ ও ২০১২-১৩ সালে দুর্গম গ্রামগুলোতে খাদ্যের সংকট দেখা দেয়। সে সময় বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় খাদ্যের সংকট থেকে রক্ষা পাওয়া গেছে।
৫৪ বর্ডার গার্ড বিজিবির প্রতিনিধি সুবেদার মো. নাঈমুল ইসলাম বলেন, বিজিবির ক্যাম্প এলাকা ব্যাটলিংয়ের বেশ কিছু গ্রামে খাদ্যের সংকট চলছে। মাঝে মাঝে বিজিবির কাছ থেকে চাল খুঁজতে আসেন স্থানীয় বাসিন্দারা।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকায় খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে বলে জানান সুবেদার মো. নাঈমুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে দুর্গম গ্রামে আরও পাঁচ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা বলেন, খাদ্যের সংকট এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান প্রয়োজন। দুর্গম গ্রামে বসবাসরতদের আগামী চার মাস খাদ্য সরবরাহ করা না হলে তাঁরা আবার সংকটে পড়বেন।
দুর্গম এলাকায় খাদ্য সরবরাহের পাশাপাশি সেখানে বিভিন্ন ফলের বাগান গড়ে তুলতে পাহাড়ি কৃষকদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আহ্বান জানান বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান।