বৃহস্পতি, শুক্র ও আজ শনিবার—টানা তিন দিন ছুটি। তাই বুধবার সন্ধ্যা থেকে বাড়ি বাড়ি জোর গণসংযোগ করছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীরা।
প্রার্থীসহ তাঁদের কর্মী-সমর্থকেরা বলছেন, এটা ভালো সময়। এখন মানুষ বাড়িতে আনন্দের মেজাজে থাকবেন। তাই এই সময়টা কাজে লাগাতে চান সবাই।
উপজেলার সাত-আটজন প্রার্থী ও ভোটার বলেন, উপজেলার অনেক ভোটার এলাকার বাইরে চাকরিসহ বিভিন্ন কাজ করেন।
এসব মানুষের মধ্যে বেশির ভাগই বগুড়া শহরে বা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করেন। সে ক্ষেত্রে তাঁদের পেতে হলে ছুটির দিন ছাড়া উপায় নেই। তাই সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন প্রার্থীরা।
কুড়াহার গ্রামের আবু জাফর (৩৮) বগুড়া শহরে থাকেন। একটি কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী তিনি। তিন দিনের ছুটি পেয়ে বুধবার সন্ধ্যায় বাড়ি এসেছেন। এসেই চেয়ারম্যান পদপ্রার্থী আত্মীয়র জন্য প্রচারণা চালিয়েছেন।
আবু জাফর বলেন, ‘ভোটের আগে আসার আর সময় হবে না। তাই টানা ছুটি পেয়ে গ্রামে এসে দু-চারজনকে আমার আত্মীয়র জন্য ভোটের কথা বললাম।’
দেউলী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল ইসলাম বলেন, ‘আমার এলাকার ভোটারদের একটা বিরাট অংশ শহরে চাকরি বা ব্যবসা করেন। এমন টানা ছুটি ভোটের আগে আর নেই। তাই প্রচারের জন্য এমন সুযোগ আমরা হাতছাড়া করব না।
জাহেদুল বলেন, বিশেষ করে যাঁরা চাকরি করেন, তাঁদের তো আর সহজে পাওয়া যাবে না। সেই কারণে তিন দিনের টানা ছুটিতে আমরা প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’