টানা ছয় দিন পর বগুড়া শহরে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা টানা ছয় দিনের অবরোধ ও স্থানীয়ভাবে তিন দিনের হরতালের পর গতকাল শুক্রবার বগুড়া শহরের চিত্র ছিল অন্য রকম। শহরজুড়ে ছিল মানুষের ঢল। মানুষ যেন একটু হাঁফ ছেড়ে বাঁচল। যে যার কাজে বের হয়েছে। যে কারণে শহরেজুড়ে ছিল দীর্ঘ যানজট।
তবে যানজটের এই ভোগান্তি হরতাল-অবরোধের চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী লোকজন। এই যানজট নিরসনে দিনভর ট্রাফিক পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে।
এলাকার অনেকে জানান, বিরোধী দলের টানা অবরোধ ও হরতালের কারণে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ ছিল। এ কারণে বিদ্যালয়গুলোতে চলা বার্ষিক পরীক্ষাও স্থগিত ছিল। কিছু বিদ্যালয়ে ছিল পিএসসি পরীক্ষার কেন্দ্র। হরতাল-অবরোধের কারণে অনেক বিদ্যালয় পরীক্ষার সময়সূচি দফায় দফায় পরিবর্তন করেছে। গতকাল বিদ্যালয়গুলো সকাল-বিকেল পরীক্ষার আয়োজন করায় সকাল থেকেই পুরো শহর একসঙ্গে শিক্ষার্থীদের ভিড়ে একাকার হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পেশার মানুষ শহরে বের হলে কবি নজরুল ইসলাম সড়ক, বড়গোলা, দত্তবাড়ি, শেরপুর সড়ক, গোহাইল সড়ক, চেলোপাড়া মোড়, বাদুরতলাসহ শহরের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে শহর কিছুটা স্থবির হয়ে পড়ে।
কালীতলা থেকে মেয়েকে নিয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে যাওয়ার পথে আটকা পড়েন ব্যবসায়ী আজমল হোসেন। তিনি বলেন, ‘এই যানজট হরতাল-অবরোধের চেয়ে ভালো। রাজনৈতিক দলগুলোর এসব কর্মসূচিতে আমরা আর বাঁচি না।’
কৈগাড়ির বাসিন্দা মজির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিরোধী দলের কর্মসূচি দেওয়া উচিত। আজ শহরে যে যানজট হয়েছে, তাতে ভোগান্তি হলেও হরতাল-অবরোধের চেয়ে ভালো আছি।’
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, রাজনৈতিক কর্মসূচির কারণে তাঁদের পরীক্ষার সময়সূচি তিনবার পরিবর্তন করা হয়েছে। ফলে শুক্র ও শনিবার দুই বেলা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু শনিবার আবার অবরোধ ডাকা হয়েছে।
ট্রাফিক সার্জেন্ট নাহিদ রেজা প্রথম আলোকে জানান, গতকাল শহর সামাল দিতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। কয়েক দিন পর মানুষ শহরে একসঙ্গে বের হওয়ায় ও বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে।