টানা ছয় দিন বিদ্যুৎ বিভ্রাটের কবলে নগরবাসী
টানা ছয় দিন ধরে সিলেট নগরের প্রায় সব এলাকায়ই কমবেশি বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। গতকাল মঙ্গলবার নগরের লামাপাড়া, শিবগঞ্জ, রায়নগর, সোনারপাড়া, মীরাবাজার, টিলাগড়, ইলাশকান্দি, চৌখিদেখী, বাদামবাগিচাসহ কমপক্ষে অর্ধশতাধিক স্থানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আকাশে সামান্য মেঘ দেখা দিলেই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, পাঁচ দিন আগে শহরতলির কুমারগাঁও গ্রিডের আম্বরখানা ফিডারের ৩৩ কেভি লাইনের ব্রেকারের বুশিং ফেটে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। একইভাবে নগরের আম্বরখানা-ইলেকট্রিক সাপ্লাই রোডে ৩৩ কেভির বিদ্যুৎ লাইনেও সমস্যা দেখা দেয়। এর বাইরে নগরের টিলাগড়, রায়নগরসহ কয়েকটি স্থানে ঝড়-বৃষ্টির কারণে ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় নগরজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়। এসব ত্রুটি সারিয়ে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। তবে সেসব ইতিমধ্যে সারিয়ে ফেলা হয়েছে।’