টানা তিন দিন ছুটিতে জমে উঠছে সাজেক পর্যটনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সরকারি ছুটি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। টানা তিন দিনের ছুটিতে জমে উঠছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে রুইলুই পর্যটনকেন্দ্র। এখানকার সব কটেজ ও রিসোর্ট আগাম বুকিং হয়ে গেছে।
রুইলুই পর্যটনকেন্দ্র সূত্রে জানা গেছে, এখানে ১৫টি রিসোর্ট ও ২২টি কটেজ রয়েছে। এ ছাড়া রুইলুইপাড়ায় স্থানীয় বাসিন্দাদের বাড়িতেও পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। এসব কটেজ-রিসোর্ট ও স্থানীয় ব্যক্তিদের বাড়ি-ঘরও কয়েক দিন আগেই বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক আগ্রহী হলেও আবাসনের নিশ্চয়তা পাচ্ছেন না।
আলো রিসোর্টের তত্ত্বাবধায়ক ইন্দ্র চাকমা বলেন, ‘আশপাশের সব কটেজ-রিসোর্ট তিন আগে বুকিং হয়েছে গেছে। কিছু রিসোর্ট আগামী ঈদের জন্যও বুকিং হয়ে গেছে। প্রতি ছুটিতেই এখানে পর্যটকদের সমাগম ঘটে। তবে এই ছুটিতে ভিড় একটু বেশি হবে বলে মনে হচ্ছে।’
সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ বলেন, রুইলুই পর্যটনকেন্দ্রে পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে। সেই হিসাবে এখনো অবকাঠামো তেমন গড়ে ওঠেনি। এখানে ৪০টির কাছাকাছি কটেজ-রিসোর্ট রয়েছে। এসব কটেজ-রিসোর্টে সর্বোচ্চ এক হাজার পর্যটক থাকতে পারবেন। কিন্তু ছুটির দিনে কয়েক হাজার পর্যটক এখানে আসেন।