টানা তিন দিন বন্ধের পর কানসাটে আম বেচাকেনা শুরু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের আড়তগুলোতে টানা তিন দিন আম বেচাকেনা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বেচাকেনা শুরু হয়েছে।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামকে প্রধান করে গঠিত কমিটি গত বুধবার রাতে কানসাট পুকুরিয়ায় শেখ রাসেল অডিটোরিয়ামে আমচাষি, ব্যবসায়ী, আড়তদারসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে। বৈঠকে সব পক্ষের সম্মতিতে কানসাট আম বাজার চালু হয়।
ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম বলেন, বুধবার রাতে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে কানসাট আমবাজারের বিভিন্ন স্থানে আম বেচাকেনা শুরু হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আড়তদারেরা ৪৫ কেজিতে কাঁচা এবং ৪৩ কেজিতে মণ হিসেবে পাকা আম কিনবেন। প্রতি মণে একটি করে আম নেবেন। আম বিক্রেতারা বিক্রয়ের ক্ষেত্রে কোনো কমিশন দেবেন না। সব পর্যায়ে ডিজিটাল মিটার ব্যবহার করতে হবে। নগদে আম বেচাকেনা চালু থাকবে।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার আমচাষি বা বিক্রেতাদের কাছ থেকে ৪০ কেজিতে মণের অতিরিক্ত আম ও কোনো কমিশন আদায় না করতে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। তবে আড়তদারেরা এ নিয়ম না মানায় আম বেচাকেনা বন্ধে জটিলতার সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনের জন্য গত সোমবার ইউপি চেয়ারম্যান বেনাউলকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বুধবার রাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমস্যার সমাধান করায় কানসাট আমবাজার এখন চালু রয়েছে। কাঁচামাল হিসেবে কিছুটা অতিরিক্ত দেওয়ার ক্ষেত্রে চাষিদের কাছ থেকে কোনো আপত্তি না থাকায় ৪০ কেজিতে মণ হিসেবে বিক্রির ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। আমচাষিদের কাছ থেকে কোনো কমিশন আদায় না করার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্তই বহাল রয়েছে।