টানা তিনবার বোর্ডে প্রথম কুমিল্লা জিলা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো পরীক্ষার ফল ঘোষণা হয়নি। বিদ্যালয়ের আঙিনাজুড়ে শিক্ষার্থীদের হই-হুল্লোড়। চলছে বাদ্যযন্ত্রের তালে তালে নাচানাচি। বৃষ্টি আর হরতালের মধ্যেই আনন্দে মেতে ওঠে ধর্মসাগর পারের ওই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘোষণা করলেন, কুমিল্লা জিলা স্কুল বোর্ডে প্রথম হয়েছে।মুহূর্তেই হর্ষধ্বনিতে ফেটে পড়ল শিক্ষার্থীরা। বাঁধভাঙা উল্লাসে মেতে উঠল সবাই। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জিলা স্কুলে গিয়ে এমন চিত্র দেখা গেল। এবারসহ বিদ্যালয়টি টানা তিনবার কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে।জানা যায়, এবার পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। ওই বিদ্যালয়ের ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। বিজ্ঞান বিভাগে ৩৪৪ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় ১৭ জন পরীক্ষা দিয়ে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন, ২০১১ সালে ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।