টানা তিনবার শ্রেষ্ঠ জুড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টানা তৃতীয়বারের মতো ২০১৬ সালে সিলেট বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।
বছরজুড়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রমে সফল হওয়ায় গতকাল বুধবার রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দুপ্রক জুড়ী উপজেলা কমিটিকে পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে জুড়ী দুপ্রক সিলেট বিভাগে শ্রেষ্ঠ হয়েছিল।
দুপ্রক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি পুরস্কার হিসেবে জুড়ী দুপ্রকের সভাপতি তাজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন।
দুদকের সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরিন পারভিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, বছরজুড়ে এলাকায় দুর্নীতিবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ গঠন ও সততার দোকান স্থাপন কার্যক্রমে জুড়ী দুপ্রক উপজেলা কমিটি বিভাগের অন্যান্য কমিটির চেয়ে বেশি সাফল্য পায়। তাই তাদের শ্রেষ্ঠ কমিটি নির্বাচিত করা হয়।