টানা তৃতীয়বারের মতো ঈদগাহে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমাম নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নেওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নুন্দহ ঈদগাহে এবারও ঈদের জামাত হয়নি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই ঈদগাহে ১৪৪ ধারা জারি হলো। উভয় পক্ষকে নিয়ে দফায় দফায় বৈঠক করেও সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রশাসন ঈদের দিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঈদগাহে ১৪৪ ধারা জারি করে। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, নুন্দহ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে বিএনপির স্থানীয় সাংসদ মোস্তফা আলীর ও বিএনপির জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বীর মধ্যে বিরোধ রয়েছে। এ কারণে গত বছর ঈদুল ফিতরের আগে ঈদের জামাতের নির্ধারিত ইমাম ফজলে রাব্বীর বদলে অন্য ইমাম নিয়োগ দেওয়ার দাবি জানায় সাংসদ-সমর্থিত পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও রয়েছে। সংঘর্ষ এড়াতে গত বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে প্রশাসন ঈদগাহে ১৪৪ ধারা জারি করেছিল।ফজলে রাব্বী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ঈদগাহে নামাজ পড়াচ্ছি। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি মহল ঈদের জামাতে রাজনীতি টেনে এনেছে।’ সাংসদ মোস্তফা আলীর সমর্থক ও নুন্দহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, নিরপেক্ষ ইমাম নিয়োগ ছাড়া সমস্যার সমাধান হবে না। পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, ‘দুই পক্ষের লোকজনকে একাধিকবার ডেকে সমঝোতার চেষ্টা চালিয়েছি। একপক্ষ ফজলে রাব্বীর পেছনেই নামাজ পড়তে চায়। আরেক পক্ষ তাঁকে মানতেই চায় না। আবার নিরপেক্ষ ইমামের পেছনে নামাজ পড়তেও রাজি নয় দুই পক্ষ। ফলে তৃতীয়বারের মতো ওই ঈদগাহে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিতে হয়েছে।’