তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকেরা। তবে কর্মসূচির কিছু কিছু বিষয় শিথিল করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার আহ্বানে গত বুধবার থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। মামলা প্রত্যাহারের দাবিতে কাল শনিবার মানববন্ধন করবেন চিকিৎসকেরা। একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলনকক্ষে বিএমএর নেতাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে ল্যাব ও ক্লিনিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর চমেক কর্তৃপক্ষ সব চিকিৎসকের ছুটি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে। এ ছাড়া বৈঠক শেষে চিকিৎসকদের কর্মসূচির কিছু কিছু বিষয়ও শিথিল করার কথা ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি হাসপাতালে সিসিইউ ও আইসিইউ সেবা চালু থাকবে। এ ছাড়া বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা যাবে।
বিএমএর চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘জটিল রোগীদের কথা চিন্তা করে বেসরকারি ক্লিনিকে আইসিইউ ও সিসিইউ সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা করানো যাবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খোন্দকার শহিদুল গণি বলেন, চিকিৎসকদের কর্মসূচির কারণে বৃহস্পতিবার চমেক কর্তৃপক্ষ সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে। তিনি জানান, চিকিৎসকেরা নির্দিষ্ট সময়ের পরও হাসপাতালে অবস্থান করে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
এদিকে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কাল শনিবার নগরের বিভিন্ন হাসপাতালের সামনে মানববন্ধন করবে বিএমএ। বিএমএর নেতা মুজিবুল হক খান জানান, শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে চিকিৎসকদের কর্মসূচির কারণে গতকাল চমেক হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড় ছিল লক্ষণীয়। বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, গতকাল স্বাভাবিকের চেয়ে রোগী বেশি ছিল।
হাসপাতালে হৃদ্রোগ বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিজোয়ান রেহান বলেন, প্রতিদিন হৃদ্রোগ বহির্বিভাগ থেকে গড়ে ১০-১২ জন রোগী অন্তর্বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৩০ জন।
হৃদ্রোগ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মো. আবদুর রহিম নামের এক রোগী বলেন, ‘চেম্বারে ডাক্তাররা না বসায় বাধ্য হয়ে এখানে এসেছি। কিন্তু এত রোগীর চাপের কারণে ডাক্তাররা ভালো করে সময় দিতে পারেননি।’
বেসরকারি হাসপাতালে ভর্তি হতে না পেরে নগরের মিস্ত্রিপাড়ার ব্যবসায়ী মীর নাছিরকে বিকেলে চমেক হাসপাতালে আনা হয়। তাঁর স্বজন মো. রাশেদ বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মীর নাছির কিছুদিন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে গত সপ্তাহে বাসায় ফিরে যান। কিন্তু তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। বেসরকারি ক্লিনিকে ভর্তি করাতে না পেরে এখানে নিয়ে এসেছেন। তিনি বলেন, রোগীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন কারোর জন্য ভালো নয়।
গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে চমেক হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক শামীমা সিদ্দিকী ও তাঁর স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়। ১০ জানুয়ারি নগরের একটি বেসরকারি হাসপাতালে মেহেরুন্নেছা নামের এক প্রসূতি সন্তান প্রসবের পর মারা যান। মেহেরুন্নেছার অস্ত্রোপচার করেছিলেন শামীমা সিদ্দিকী ও মাহবুবুল আলম। একই দিন চমেক হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার রানা চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মামলায় অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগ আনা হয়।
দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। গতকাল সংগঠনের চট্টগ্রাম শাখার বিবৃতিতে বলা হয়, মামলা ও হয়রানির কারণে চট্টগ্রামের গাইনি বিশেষজ্ঞরা চিকিৎসা ও অপারেশন করতে শঙ্কিত বোধ করছেন।
বিএমএর কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সংগঠনটি।