টানা দ্বিতীয় দিনের মতো হরতাল পালন, মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে পৌর এলাকায় আওয়ামী লীগের একাংশ দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার হরতাল পালন করেছে।

তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় গত মঙ্গলবার রাত নয়টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেনের সমর্থকেরা হরতাল আহ্বান করেন। এই পরিস্থিতিতে কড়া পুলিশি পাহারায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিজবাহ উদ্দিনের পক্ষে মুক্তিযোদ্ধা আবদুস সোবহান মনোনয়নপত্র দাখিল করেন।

হরতাল চলাকালে পৌর এলাকায় বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট। সকাল থেকে মোতায়েম-সমর্থিত নেতা-কর্মীরা উপজেলা পরিষদের গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে ও আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মিজবাহ উদ্দিন মনোনয়ন জমা দিতে আসছেন এমন গুঞ্জনে রামদা ও লাঠিসোঁটা নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। তিনি পুলিশ পাহারায় মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মো. জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান খোকন ও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মোতায়েম হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মিজবাহ উদ্দিন বলেন, যোগ্যতা বিচারে কেন্দ্রীয় কমিটি তাঁকে মনোনয়ন দিয়েছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে অন্যায়ভাবে হরতাল পালন, প্রকাশ্যে রামদা ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে।

মোতায়েম হোসেন বলেন, ‘তৃণমূলের মতামতকে উপেক্ষা করে আমার পরিবর্তে অন্য প্রার্থীকে কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন দেওয়ায় আমার সমর্থকেরা তা মেনে নিতে পারছেন না। তাই তাঁরা দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেছেন। আজ শুক্রবার হরতাল না থাকলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত মিটিং-মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন চলবে।’ প্রকাশ্যে রামদা ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তাঁরা যদি তৃণমূলকে উপেক্ষা করে আইন লঙ্ঘন করতে পারেন তাহলে আমার সমর্থকেরাও বিক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে রামদা ও লাঠিসোঁটা নিয়ে আইন লঙ্ঘন করতেই পারেন।’

পাকুন্দিয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, হরতাল চললেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।