টানা ধর্মঘটে উৎপাদন ঘাটতি এক হাজার মেট্রিক টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে গতকাল খুলনার খালিশপুরে পাটকলশ্রমিকেরা ভুখা মিছিল বের করেন l ছবি: ফোকাস বাংলা
​বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে গতকাল খুলনার খালিশপুরে পাটকলশ্রমিকেরা ভুখা মিছিল বের করেন l ছবি: ফোকাস বাংলা

পাঁচ দফা দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলে টানা ছয় দিনের শ্রমিক ধর্মঘটের কারণে কারখানাগুলোতে প্রায় এক হাজার মেট্রিক টন উৎপাদন ঘাটতি হয়েছে। যার বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
এ ছাড়া আরও প্রায় সোয়া কোটি টাকার পাট উৎপাদন প্রক্রিয়ায় আটকে থেকে নষ্ট হওয়ার পথে। এদিকে দাবি না মানলে ৭ এপ্রিল থেকে তিন দিনের জন্য বন্ধ থাকা অবরোধ আজ সোমবার থেকে আবার শুরু হবে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে দাবি মানার ব্যাপারে শ্রমিকদের কিছু জানানো হয়নি।
বিজেএমসির খুলনা অঞ্চলের সমন্বয়ক মহব্বত আলী মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়। সে হিসাবে ৪ এপ্রিল থেকে চলা ছয় (মাঝে শুক্রবার বাদে) দিনের ধর্মঘটের ফলে উৎপাদন ঘাটতি হয়েছে ৯৬০ মেট্রিক টন। যার বাজারমূল্য সাত কোটি ৬৮ লাখ টাকার মতো। আর গত সোমবারের উৎপাদন প্রক্রিয়ার জন্য ছিল ১৫৬ মেট্রিক টন পাট। যা সাত দিন ওই অবস্থাতেই রয়েছে। প্রক্রিয়াজাত অবস্থায় থাকা পাট দিয়ে নির্দিষ্ট সময়ের পর পণ্য উৎপাদনে মান কিছুটা খারাপ হয়। তবে বিশেষ ব্যবস্থায় ঢেকে রেখে ওই পাটগুলোকে ভালো রাখার চেষ্টা করা হচ্ছে।
মহব্বত আলী মিয়া আরও বলেন, স্টার, ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের বকেয়া আট সপ্তাহ করে। তাই এই তিনটি কারখানার শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন বিজেএমসির চেয়ারম্যান। সে ক্ষেত্রে বিজেএমসির টাকা ব্যাংকে চলে এসেছে। কিন্তু শ্রমিকেরা তা তুলতে রাজি হচ্ছেন না। বিষয়টি নিয়ে চেয়ারম্যান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। বিজেএমসির খুলনা অঞ্চলের সমন্বয়ক বলেন, উৎপাদন বন্ধ থাকলে বিদেশের সঙ্গে চুক্তি রক্ষা করা কঠিন হবে। সে ক্ষেত্রে আপাতত অর্ডারগুলো ঢাকা ও চট্টগ্রামের মিলগুলোতে দেওয়া হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, শ্রমিকেরা নিয়মিত কাজ করার পরও আট সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এ অবস্থায় বকেয়া আদায়ে ধর্মঘটের বিকল্প ছিল না। শ্রমিকেরা না খেয়ে মিল চালু রাখতে পারেন না।
শ্রমিকদের এসব আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। ওই পরিষদের সদস্যসচিব জাকির হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের চেয়ে নেওয়া তিন দিনের সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না। দাবি না মানলে কাল (সোমবার) থেকে ধর্মঘটের পাশাপাশি প্রতিদিন ১২ ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ চলবে।
এই শ্রমিক নেতা অভিযোগ করেন, ‘খুলনার আন্দোলন দেখে’ চট্টগ্রামের শ্রমিকেরা যাতে আন্দোলনে না যান, সে জন্য সেখানকার কয়েকটি মিলে টাকা দেওয়া হয়েছে। খুলনার তিনটি মিলের দুই সপ্তাহের বকেয়া টাকা দেওয়ার কথা উঠেছে বলে শুনেছি। বাকি মিলগুলোর শ্রমিকেরা কি বকেয়া পাবেন না?’
ধর্মঘটের পাশাপাশি গতকাল বেলা ১১টায় ভিখারির সাজে হাতে মাটির বাসন নিয়ে পাটকলের শ্রমিকেরা ভুখা মিছিল বের করেন। এতে খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার জুট মিল, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম জুট মিল, যশোরের যশোর জুট মিল ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা অংশ নেন।