টানা বর্ষণ, পাহাড়ি ঢলে সাত জেলা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের টানা বর্ষণে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও নরসিংদীর বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক শ পুকুরের মাছ। কাঁচা ঘরবাড়ি, বীজতলা, আমন ও সবজিখেতসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ময়মনসিংহ: গত পাঁচ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বেড়ে ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে প্রায় দুই শতাধিক পুকুরের মাছ। ধোবাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বল্লবপুর গ্রামে নিতাই নদীর বাঁধ ভেঙে গামারীতলা, ঘোষগাঁও, দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়। রোপা আমন ধানের বীজতলা, শাকসবজির খেতসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হালুয়াঘাট উপজেলার কৈচাপুর, হালুয়াঘাট সদর, বিলডোরা, শাকুয়াই, নড়াইল, ধারা, গাজির ভিটা ও স্বদেশী ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বন্যায় উপজেলার দেড় হাজার হেক্টর রোপা আমন, ৫০ হেক্টর বীজতলা এবং ১০০ হেক্টর সবজিবাগান নষ্ট হয়ে গেছে।পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। মঙ্গলবার সকালে উপজেলা সদরের মুজিবনগর বেড়িবাঁধ ও সুইপার কলোনি-চরমোক্তারপাড়া বেড়িবাঁধ ভেঙে উকিলপাড়া, ঋষিপাড়া, মুজিবনগর, ভবানীপুর, খুজিউড়া ও ডাকুমারা গ্রাম প্লাবিত হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মিয়া জানান, উপজেলার সোমেশ্বরী, কংস ও কলমাকান্দা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাটাইল (টাঙ্গাইল): টানা বর্ষণে নদীর পানি বেড়ে ঘাটাইল উপজেলার জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা ও দীঘলকান্দি ইউনিয়নের প্রায় তিন হাজার হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ তলিয়ে গেছে। গোয়াইনঘাট (সিলেট): গোয়াইনঘাট উপজেলার হাওর এলাকার কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার তিতগুল্লি, নাইন্দা, বুদিগাঁও, বায়ন, বাউরবাগ, ভিত্তিরখেল, সাংকিভাঙা, ডৌবাড়ি, সাতকুড়িকান্দি, লক্ষ্মী, চদিবদি, ঘোড়ামারা, চলিতা, বাইমারপার, সিটিং বাড়ি, কচুয়ারপার, বগাইয়া বাদেপাশা হাওরের কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সুনামগঞ্জ: মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মীরপুর এলাকার বেড়িবাঁধ ভেঙে লক্ষ্মীপুর ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় ৫০০ একর জমির রোপা আমন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের বলেন, সুরমা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।কমলগঞ্জ (মৌলভীবাজার): প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের ৩০০ হেক্টর জমির আউশ ও রোপা আমন নিমজ্জিত হয়েছে। ইসলামপুর, মুন্সীবাজার, আলীনগর ও শমশেরনগর ইউনিয়নের ধলাই ও লাঘাটা নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর পানি গ্রামের মধ্যে প্রবেশ করেছে।নরসিংদী: সবজি উৎপাদনের জন্য খ্যাত নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় শরৎকালীন সবজির ব্যাপক ফলন হয়েছিল। কিন্তু তিন দিনের টানা বর্ষণে এসব সবজিখেতের এক-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে শাকসবজির চাষ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে ইতিমধ্যে জেলার এক-চতুর্থাংশ জমির শাকসবজি নষ্ট হয়ে গেছে। বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের বেগুনচাষি ফজলুর রহমান বলেন, বৃষ্টির কারণে মাটি স্যাঁতসেঁতে থাকায় অনেক গাছের গোড়ায় পচন ধরেছে। শিবপুর উপজেলার সৃষ্টিগড়ের কৃষক খোকন মিয়া বলেন, বৃষ্টির কারণে তাঁর ১০ শতাংশ জমির সবজি তলিয়ে গেছে।