টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত উপকূলীয় এলাকা
‘পাঁচ দিনর এই বইন্যার পানিত ঘরবাড়ি ডুবি গিয়েগই। রান্নাবান্না গরা নজার। পানি, রুটি আর বিস্কুট খাই হন মতে রোজা রাখির (পাঁচ দিনের বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে গেছে। এ কারণে রান্নাবান্নাও বন্ধ। পানির সঙ্গে রুটি আর বিস্কুট খেয়ে কোনোমতে রোজা রাখছি)।’ কথাগুলো সলিম উল্লাহর (৪৭)। কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামে তাঁর বাড়ি। বন্যায় দিনমজুর সলিমের বসতঘরের একাংশ ভেসে গেছে। ঘরের অন্য অংশের মাচায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোনোরকমে টিকে আছেন। সলিম বলেন, পাঁচ দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদীর পানি ফুঁসে উঠেছে। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে এখানকার একের পর এক গ্রাম।শুধু কক্সবাজার সদর উপজেলা নয়, জেলার বেশির ভাগ উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যায় প্লাবিত। একই অবস্থা চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দনাইশ উপজেলায়ও। বাড়ি-ঘরের পাশাপাশি এসব এলাকার ফসলি জমি, ঘের, রাস্তাঘাট তলিয়ে গেছে। বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে এসব এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের সরেজমিনে পরিদর্শন করে পাঠানো খবর:কক্সবাজার: সদর উপজেলার ঝিলংজা, লিংক রোড, মুহুরীপাড়া, বিসিক এলাকা, বাংলাবাজার, খরুলিয়া, কলঘর, তেচ্ছিরপুল, কক্সবাজার পৌরসভার ফদনারডেইল, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, বাজারঘাটা, বৌদ্ধমন্দির সড়ক, রামু উপজেলার চেইন্দা, ফতেখাঁরকুল, লামারপাড়া, চৌমুহনীসহ অন্তত ৪০টি গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। কোমর-সমান পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট। লোকজন নৌকা নিয়ে চলাচল করছে। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী বলেন, গত ২০ বছরে এমন বন্যা দেখা যায়নি। রান্নাবান্না বন্ধ থাকায় সচ্ছল পরিবারেও খাবারের সংকট দেখা দিয়েছে। শত শত নলকূপ বন্যার পানিতে ডুবে থাকায় খাবার পানিরও সংকট চলছে।পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের গোদারপাড়, সুতাচুরা, রূপালী বাজারসহ প্রায় ১০টি গ্রামের দেড় হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ থাকায় অনেকে পানি খেয়ে রোজা রাখছেন।টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, জালিয়াপাড়াসহ আটটি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস রয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার, খরুলিয়া ও ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কের লিংক রোড, বিসিক, চেইন্দাসহ কয়েকটি স্থানের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।চকরিয়া উপজেলার কাকারা, কৈয়ারবিল, লক্ষ্যারচর, হারবাং, শাহারবিল, ফাঁসিয়াখালী, সুরাজপুর-মানিকপুর, চিরিঙ্গা, ভেওলা, খুটাখালী, বরইতলীসহ ১৮টি ইউনিয়নের বেশির ভাগ গ্রামে পানি উঠেছে। চকরিয়া পৌরসভারও বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় শত শত বাড়ি-ঘর কোমর-সমান পানিতে নিমজ্জিত রয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি।চকরিয়ার কয়েকটি স্থানে ভেঙে গেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। সেখানকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। চিংড়ি জোন এলাকার অন্তত দুই হাজার ঘেরে পানি ঢুকে পড়েছে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফসার উদ্দিন জানান, মাতামুহুরী নদীর চিরিঙ্গা ব্রিজ পয়েন্টে ঢলের পানি বিপৎসীমার ৬ দশমিক ৬৬ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরইতলী ইউনিয়নের দুই সহস্রাধিক বাড়ি-ঘরে পানি উঠেছে। কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী বাজার এলাকার বাসিন্দারা বেড়িবাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।কুতুবদিয়ার তাবলরচর, কুমিরারছড়া জেলেপাড়া ও হাইদরপাড়ার ভাঙন বেড়িবাঁধ এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এখানকার শত শত পরিবার। আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী জানান, টানা বর্ষণে এলাকার রাস্তার ওপর হাঁটুপানি উঠেছে। মহাজনপাড়ার ১৬টি বাড়ি পানির স্রোতে ভেঙে গেছে। এসব পরিবারের লোকজন বাঁধের ভেতর প্রিজম বাংলাদেশ আশ্রয়কেন্দ্রে ও তাদের আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বসতবাড়ি। ভেসে গেছে শতাধিক চিংড়িঘের। তলিয়ে গেছে প্রায় ৫০ হেক্টর জমির সবজি ও বীজতলা।বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর বলেন, গত দুই দিনে ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে চৌধুরীপাড়া, জমাদারপাড়া, বোয়ালিয়াকুল জেলেপাড়া, আকিলপুর, নাথপাড়া, বাঁশবাড়িয়া জেলেপাড়া ও বোয়ালিয়াকুল গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে ২০টির মতো চিংড়িঘের। মুরাদপুর ইউনিয়নের প্রায় ৫০ একর খেত ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামটি পুরোপুরি তলিয়ে গেছে। চন্দনাইশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত হেক্টর জমির ফলন ও আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে। আর মাত্র এক ফুটের মতো পানি বৃদ্ধি পেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের কসাইপাড়া এলাকার সড়ক ডুবে যাবে। এদিকে শঙ্খ নদের পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত দোহাজারী চাগাচর, নাথপাড়া, বৈলতলী জেলেপাড়া ও বরমা এলাকার অর্ধশত বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে দুই শতাধিক বাড়ি-ঘর। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): দুই দিনের প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত, সোহাগী, সরিষা, মাইজবাগ ও মকটুলা ইউনিয়নের প্রায় ১০০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে চরমসলন্দর, হাসেরআলগী, মরিচারচর, মলামারিচর ও চরনওপাড়ার প্রায় দুই হাজার মানুষ। এলাকায় ছোট-বড় প্রায় ৩০টি ঘের ও পুকুর তলিয়ে গিয়ে কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। এ প্রতিবেদন তৈরিতে আরও সহায়তা করেছেন আমাদের চকরিয়া, চন্দনাইশ ও সীতাকুণ্ড প্রতিনিধি।