টানা বর্ষণে ক্ষতির মুখে সীতাকুণ্ডের সবজি চাষিরা

সবজির লতাপাতা শুকিয়ে গেছে, ফলনও নেই। শুধু বাঁশের কঞ্চির খুঁটি দিয়ে তৈরি করা মাচা ঠায় দাঁড়িয়ে আছে। সবজির অনেক মাঠই খাঁ খাঁ করছে। কোথাও কোথাও নতুন করে সবজির চাষে নেমেছেন কৃষকেরা। গত মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে। এবারের টানা বৃষ্টিতে পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে সীতাকুণ্ডের কৃষি প্রধান ইউনিয়ন মুরাদপুর ও সৈয়দপুরের ফসলের মাঠ।
কৃষকেরা জানিয়েছেন, বৃষ্টিতে বেশির ভাগ সবজি নষ্ট হয়ে গেছে। কীভাবে এখন ঋণ শোধ করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা।
তবে উপজেলা কৃষি বিভাগের হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নয়। এবার আউশ ধানের পাশাপাশি ৭৪১ একর জমিতে সবজির আবাদ করা হয়েছিল। টানা বৃষ্টিতে সবজির ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে মাত্র ২৫ একর।
মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার মডেল কৃষক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তিনি এবার ৪৮০ শতক জমিতে লাউ ও ৪৭০ শতক জমিতে শসা চাষ করেছেন। দুই খেতে তাঁর খরচ পড়েছে আট লাখ টাকা। কিন্তু ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
একই এলাকার কৃষক নুরুল আলম বলেন, ১২০ শতক জমিতে ঝিঙে, বরবটি ও ধান চাষ করেছেন। কিন্তু ধান বাঁচলেও সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার কৃষক আবদুল খালেক বলেন, বৃষ্টির পানিতে তাঁর ৭০ হাজার টাকা ও পরিশ্রম পণ্ড হয়েছে। কীভাবে ঋণ শোধ করবেন, তা বুঝতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে। সরকার কোনো প্রণোদনা দিলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।