টানা বর্ষণে গোপালগঞ্জে আড়াই কোটি টাকার ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের কারণে গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। শিলাবৃষ্টিতে ঝরে গেছে পাকা ধান। 

কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে প্রায় ৩০০ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

গত কয়েক দিনের টানা বর্ষণে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ধানের জমিগুলোর ফসল পানিতে ডুবে থাকায় ধান কাটা যাচ্ছে না। সবে ধান পাকতে শুরু করেছিল—এ সময় এ দুর্যোগ কৃষকদের চরম হতাশার মধ্যে ফেলেছে।

সদরের সাহাপুর ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামের কৃষক বিজন কৃষ্ণ বিশ্বাস জানান, বৃষ্টির কারণে তাঁর ১৫০ শতাংশ জমির ধান তলিয়ে গেছে। তিনি বলেন, পানি না নামা পর্যন্ত বোঝা যাচ্ছে না আদৌ ওই ধান কাটার উপযোগী থাকবে নাকি পচে যাবে।
সদরের ডোংরাশুড় গ্রামের কৃষক সঞ্জীব বিশ্বাস জানান, বৃষ্টির জন্য তাঁর ২৫০ শতাংশ জমির ধান তলিয়ে গেছে। তিনি বলেন, এবার ছেলেমেয়ে নিয়ে অনাহারে থাকতে হবে।

এলাকার কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি পানিতে তলিয়ে যাওয়ায় দিনমজুরেরা কর্মহীন হয়ে পড়েছেন। আবার যেসব জমির ধান কাটার উপযুক্ত আছে, সেগুলো পরিমাণে এত কম যে ধান কেটে যৎসামান্যই জুটবে শ্রমিকদের। এ কারণে জেলার বাইরে থেকে আসা কৃষিশ্রমিকেরা ধান কাটতে এসে ফিরে গেছেন।

কয়েকজন কৃষক জানান, তলিয়ে যাওয়া ধান কাটতে গেলে তাঁরা আরও ক্ষতির মুখোমুখি হবেন। না পাবেন পর্যাপ্ত ফসল, না হবে গবাদিপশুর খাবার। অনেক কৃষক ব্যাংক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ও দাদন ব্যবসায়ীদের কাছে থেকে ঋণ নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। তাঁদের সংকট আরও গুরুতর। বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ জমির ধান বিক্রি করে উঠবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খাদ্যে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত গোপালগঞ্জে এ বছর ৭৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার গোস্বামী জানান, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ৭ হাজার ৩৫০ হেক্টর জমির ফসল আংশিক এবং ২৮০ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে। এ তালিকার ভিত্তিতে সরকারের বিভিন্ন সহায়তামূলক কর্মসূচির মাধ্যমে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।