টানা বর্ষণে গোপালগঞ্জে দেড় কোটি টাকার তরমুজ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে দুই দিনের টানা বর্ষণে কোটালীপাড়া উপজেলায় তরমুজখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি: পান্না বালা
গোপালগঞ্জে দুই দিনের টানা বর্ষণে কোটালীপাড়া উপজেলায় তরমুজখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি: পান্না বালা

গোপালগঞ্জে দুই দিনের টানা বর্ষণে কোটালীপাড়া উপজেলায় তরমুজখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে তরমুজখেতে পানি জমে খেতের ফসল নষ্ট হয়ে গেছে। তরমুজগাছও মরে যেতে শুরু করেছে।

কৃষকদের দাবি, তাঁদের অন্তত তিন কোটি টাকার তরমুজ নষ্ট হয়ে গেছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তার মতে, ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা।

প্রসঙ্গত, প্রতিবছরই কোটালীপাড়ার অন্তত ২৫ গ্রামের কৃষকেরা তরমুজ চাষ ও বিক্রি করে থাকেন। উপজেলার কালিগঞ্জ বাজার তরমুজ বিক্রির বিশাল কেন্দ্র। প্রতিদিন শতাধিক ট্রাক তরমুজ ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে চলে যায় বিক্রির উদ্দেশ্যে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ, তেঁতুলবাড়ি, বুরুয়া, হিজলবাড়ি, নলুয়া, চকপুকুরিয়া প্রভৃতি গ্রামে তরমুজের জন্য বিখ্যাত।
গোপালগঞ্জে এ বছর ১ হাজার ১৫০ হেক্টর জমিতে তরমুজের চাষ করেছিলেন কৃষকেরা। এর মধ্যে শুধু কোটালীপাড়ায় তরমুজ চাষ করা হয়েছে ৮১০ হেক্টর জমিতে।
বৃষ্টির পানিতে তরমুজের জমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানালেন তরমুজ চাষিরা। ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অনেকেই তরমুজ চাষ করেছিলেন। লাভের টাকায় ঋণ পরিশোধের কথা থাকলেও কৃষকদের আশায় যেন গুড়ে বালি পড়েছে। কৃষকদের হাসি হারিয়ে গেছে মাত্র দুই দিনের বৃষ্টিতে।

উপজেলার হিজলবাড়ি গ্রামের কৃষক নকুল হালদার হতাশা নিয়ে বলেন, ‘প্রতিবছর আমার বার্ষিক আয়ের একটি বড় অংশ আসে তরমুজ বিক্রি করে। এ জন্য ঋণ নিয়ে তরমুজ চাষ করি। কিন্তু বৃষ্টিতে আমার খেত ডুবে গেছে। আমার ঋণ শোধ করতে হলে বাড়িঘর বিক্রি করতে হবে।’

তেঁতুলবাড়ি গ্রামের খোকন হালদার বলেন, ‘তরমুজের খেতের দিকে তাকালে চোখের পানি ধরে রাখতে পারছি না। কপাল চাপড়ানো ছাড়া পথ নাই।’

কালিগঞ্জ বাজারের আড়তদার দিলীপ হালদার বলেন, গত ২০ বছর ধরে এই এলাকায় তরমুজের চাষ হয়ে আসছে। এ তরমুজ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেন এখানকার কৃষকেরা। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ হয়ে গেছে। সরকারিভাবে সাহায্য করা না হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ শোধ করতে ঘরবাড়ি বিক্রি করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কোটালীপাড়ায় ৮১০ হেক্টর জমির মধ্যে ৩২০ হেক্টর জমির তরমুজখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির আগে কৃষক ৪০ থেকে ৫০ ভাগ ফসল ঘরে তুলতে পেরেছিলেন। তিনি বলেন, এ উপজেলায় ২ হাজার ৭০০ তরমুজচাষির মধ্যে নয় শতাধিক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, ক্ষতিগ্রস্ত চাষিরা যেসব ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের ঋণ মওকুফ করা জরুরি। তা করা না গেলে অন্তত সুদ মওকুফের ব্যবস্থা করা প্রয়োজন। এ ছাড়া কৃষকেরা যেসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, তাদের কিস্তি সময়ও বাড়িয়ে দেওয়া প্রয়োজন।