টানা বর্ষণে চাতাল বন্ধ, বেকার শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় পাঁচ শতাধিক ধানের চাতাল বন্ধ হয়ে গেছে৷ ফলে বেকার হয়ে পড়েছেন প্রায় সাত হাজার শ্রমিক৷ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিতে এসব চাতালে প্রায় দেড় হাজার টন ধান পচে নষ্ট হয়ে যাচ্ছে৷ অধিকাংশ চাতালেই ভিজিয়ে রাখা ধানে শিষ গজাচ্ছে৷
জেলা চালকল মালিক সমিতি জানিয়েছে, টানা বর্ষণে চাতাল ও চালকল মালিকদের ১২ কোটি টাকা ৭৫ লাখ লোকসান গুনতে হবে৷ দৈনিক ২০০ টাকা হিসেবে ছয় দিনে জেলার চাতালের শ্রমিকরা প্রায় ৮৪ লাখ টাকা মজুরি বঞ্চিত হয়েছেন৷
চুয়াডাঙ্গার জীবননগর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জের ধান ও চালের মোকামে গত শনি ও রোববার সরেজমিন খোঁজ নিয়ে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে৷
জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, চারটি উপজেলায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত চালকল ও চাতালের সংখ্যা ২৫০৷ নিবন্ধনের বাইরে আরও আড়াই শতাধিক চাতাল রয়েছে৷ এসব চাতালের প্রতিটিতে ১০-৩০ জন করে শ্রমিক কাজ করেন৷
চাতালমালিকেরা জানান, প্রতিটি চাতালেই বিপুল পরিমাণ ভেজা ও সিদ্ধ ধান পড়ে আছে৷ এগুলো স্তূপ করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে৷ রোদে শুকানোর অপেক্ষায় রাখা এসব ধান পচে দুর্গন্ধ ছড়াচ্ছে৷ সামনে রোদে শুকানো গেলেও সেগুলে অার খাওয়ার উপযোগী থাকবে না৷ তাই বাধ্য হয়ে এগুলো পশুখাদ্য হিসেবে বিক্রি করতে হবে৷
সদর উপজেলার সরোজগঞ্জ মোকামের চাতালের মালিক জহুরুল ইসলাম বলেন, তাঁর চাতালে ১২২ মণ সেদ্ধ ধান শুকানোর অপেক্ষায় চাতালে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে৷ ভেজানো অবস্থায় আরও সমপরিমাণ ধান রয়েছে৷ বর্ষার কারণে চাতালের ১৫ জন শ্রমিক বেকার বসে আছেন৷ গত ছয় দিনের বর্ষায় তাঁকে অন্তত দেড় লাখ টাকা লোকসান গুনতে হবে৷ বৃষ্টি হতে থাকলে লোকসানও বাড়তে থাকবে৷
আবদুল মোমিন ও তাঁর স্ত্রী জহুরা খাতুন স্থানীয় জালাল উদ্দিনের চাতালে কাজ করেন৷ ধান সেদ্ধ করা ও শুকানোর কাজে তাঁরা প্রতি মণে ১২ টাকা করে পান৷ এই টাকায় চার সদস্যের পরিবার চলে৷ বর্ষার কারণে কাজ না থাকায় উপার্জনও বন্ধ রয়েছে৷ তাই বাধ্য হয়ে আগাম পারিশ্রমিক নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছেন৷
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহ শেখ বলেন, টানা বর্ষণে চাতাল ও চালকল মালিকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এতে চালের দাম বেড়ে যেতে পারে৷
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ২১ জুন চুয়াডাঙ্গায় ১০৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ যা বিগত আট বছরের মধ্যে সর্বোচ্চ৷