টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা
কয়েক দিনের অবিরাম বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে ফসলহানির আশঙ্কা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: গতকাল সকালে দেখা গেছে, বরগুনা সদরের বেশির ভাগ এলাকার ফসলি মাঠ কোমরপানিতে তলিয়ে গেছে। দিশেহারা কৃষক আমনের বীজতলা রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। পাঁচ দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ বলেন, নিম্নচাপের প্রভাবে আরও কমপক্ষে দুই দিন ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। জেলা পাউবোর কর্মকর্তারা জানান, জেলার দুই কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ এবং ১ দশমিক ৬০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতি হয়েছে।সাতক্ষীরা: তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নের তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জলাবদ্ধ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, গৃহহীনদের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা, ত্রাণ, বিশেষ করে শিশু ও পশুখাদ্যের ব্যবস্থাসহ আট দফা দাবি জানানো হয়েছে। কপোতাক্ষ বাঁচাও সমন্বয় কমিটির পক্ষ থেকে গতকাল বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন বেড়ে গেছে। বৃষ্টিপাত ও ঢলে চার-পাঁচ দিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, নিম্নাঞ্চলের ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃষ্টি, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নয় হাজার ৬০০ পরিবারের জন্য ৯৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।